বুকের ভেতর এসিড বৃষ্টি একটানা এফোড় ওফোড়
করে চলেছে হৃদয়, এতোটা অরক্ষিত আমি
প্রতিরোধের ছাতাটাও বিকিয়ে দিয়েছি সস্তায়।
করজোড়ে দাঁড়িয়ে আছি দুয়ারে তোমার, সাধ্য কি
মুখ তুলে বলি ‘ক্ষমা চাই’।
কায়া, যদিও ছায়াই কেবল- তবু কি আর
সাহসে কুলোয় সীমানা ডিঙ্গাই।
প্রহত হৃদয় তোমার কিছুতেই জুড়ায় না জানি
কিংখাব রাতের শেষে কি করে রুচিহীন শব্দ মনে আনি-
চলেই যাও যদি কিছু বলে যাও তবু
অকারণ খেলায় আজ হৃদয় কেমন কাবু।
কিছু বলে যাও, অন্তত কিছু একটা যা ইচ্ছে হয়
নির্বাক অবহেলায় দেখো বাঁচে না হৃদয়।
দুবাই, ২৮-০৯-২০১১