আমার বন্ধু তানভীর, কয়েকদিন হল ওর বাবা মারা গেছে
তানভীর অস্ট্রেলিয়ায় থাকে । ওখানে আর্কিটেকচারে বেশ
ভাল করছে শুনছি
ওর বাবা অসুস্থ থাকার খবরটি কয়দিন ধরেই পাচ্ছিলাম
ভাইবারে
বাবা অসুস্থ হওয়ার পর থেকে দেশেই ছিল। ওর বাবা মারা
যাওয়ার পর
সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে অথবা সমবেদনা জানাচ্ছে
আমি প্রতিটি সমবেদনা বা সান্ত্বনা বাক্য পড়ছি
তানভীর আমার রুমমেট ছিল ক্যাডেট কলেজে
তানভীর কে আমার মা মনে হত
রাতের প্রেপ শেষ করে রুমে ফিরে বিছানায় গা এলিয়ে
নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লে
তানভীর একসময় আমার পায়ের জুতা খুলে দিত, মশারি
টানিয়ে দিত
ওইরকম বয়সে, অন্যকে অবহেলা করে নিজেকে জাহির করার
ওই সময়ে
তানভীর কি ভীষণ মায়াময় ছিল।
তানভীর ছবি আঁকতো, হারমোনিয়াম বাজিয়ে গান গাইতো
‘রেল লাইনের ধারে মেঠোপথটার পাড়ে দাঁড়িয়ে
এক মধ্যবয়সি নারী এখন রয়েছে হাত বাড়িয়ে......’
তানভীরের বাবা মারা গেছে, আমার কি সমবেদনা জানানো
উচিৎ না?
আমার বাবার বয়সও পঁচাশি বা ছিয়াশি
সব কিছুর মতই আমার বাবার প্রতিও আমার একই রকম
অবহেলা
অবহেলা না অভিমান আমি জানি না
কিন্তু সপ্তাহে একবারো বাবার খবর নেই না, তিনি ফোন
করলে
গলায় বিরক্তি নিয়ে কথা শেষ করি। আমি ইচ্ছা করেও এই
বিরক্তি
ঢাকতে পারি না
কারো বাবার মৃত্যুর খবরে আমি সত্যি ভায় পাই
বাবা ছাড়া কি কল্পনাতেও আমার কোনো আশ্রয় আছে?
তানভীরকে আমি কি বলে সমবেদনা জানাবো
তানভীরকে আমার মা মনে হয়
তানভীরের সাথে আমার যোগাযোগ ও নেই
গত পঁচিশ বছরে এক বা দুইবার ওর সাথে আমার দেখা বা
কথা হয়েছে
যদিও তানভীরকে আমার প্রায়ই মনে পড়ে
মা বিষয়ক কিছুতে চোখ ভিজে উঠলে
তানভীরের কথা আমার কেন জানি মনে হয়।
এইকথা আমি হয়তো অনেককেই বলেছি
কিন্তু তানভীরকে কখনো বলা হয়নি
আমি ঠিক কাজটি কখনই ঠিকঠাক করতে পারি না
তানভীর, শত দুঃসময়েও তোর জন্য শুভকামনা
১২.০৫.২০১৬