তোমাকে দেখার নামে স্বেচ্ছায় দুঃখ কিনি। তোমাকে
না দেখার কষ্টের সাথে দেখার কষ্ট যোগহলে আমি স্টিপলচেজ এর ঘোড়া হয়ে আছড়ে পড়ি কৃত্রিম
হাঁটুজলে। জল আমার বরাবরই প্রিয়। আর যখনই বুঝি এ তোমারই চোখের জল, আমি বুক ভরে পান
করি না পাওয়া প্রণয়।
প্রণয়, আহা
কত ভাবে খুঁজে ফিরি, কত
ভাবে ডাকি
বৃথা যায় এবেলা, ওবেলাতে ফাঁকি
তবু, বারবার বাইরে যাই।
বেইলি রোড পার হয়ে প্রায় হয়ে যাওয়া ফ্লাইওভারে দ্বিধাহীন দাঁড়াই
তারাবির শব্দ কানে এলে
অযথাই পকেট হাতড়াই। মোবাইল যন্ত্রটি বড়ই অপ্রাসঙ্গিক এখন
এবং জানি, কোনো পথ খোলা
নেই আর
তোমার কাছে পৌঁছার
ভ্রূন হয়ে বেড়ে উঠা ছাড়া
তোমারই ভিতর।
এ বড় বেদনার দিন,
তুমিহীন, বিষন্ন সকাল। বৃষ্টিজলে ধুয়ে যায় প্রসূনের কাল
২৯.০৫.২০১৭