তেমন করে কিছু মনে পড়ে না
পুরোনো বেদনা টুথব্রাশে লাগিয়ে কিছু পরেই কুলি করে ফেলি
ইদানিং তুমি প্রায়ই আমার আশপাশে হাঁট, ভুলে ধাক্কা লেগে
গেলে কী তুমি সরি বলবে না আমি?
তোমার হাসি কিন্তু বেশ কৌতুকময়...কি বল? আমার গাম্ভীর্যও
আমার গাম্ভীর্যে নোনা ইলিশের স্বাদ, তুমি এইমাত্র গাড়ি থেকে
নেমে বুকের বামপাশটা ঠিকঠাক করতে করতে উঠে যাচ্ছ, শোনো
এতোটা হ্যাংলা ছিলাম না কিন্তু আমি, ইদানিং কিছুটা হয়েছি বটে
আজকাল অবহেলা অতটা নিতে পারি না। বয়স হচ্ছে
সেদিন দোতালার ল্যন্ডিয়ে কেমন আছ বলতে বলতে তোমাকে
পেরিয়ে একলাফে দুটো সিঁড়ি পার হয়ে গেলাম, সেগুলো সিঁড়ি না
অবহেলা ছিল। তুমি নিশ্চয় বোঝনি। তোমার মাথার উপর জমা রাখা
রোদ চশমা অন্তত তাই বলে। ওহ...তোমাকে তো বলা হয়নি
সেদিন কিন্তু তোমাকে বেশ লাগছিল।
বেশ মানে সুন্দর
বাগান খুব একটা চোখে পড়ে না বলে, বলা চলে
১২ তলার টবে ফুটে থাকা গোলাপ। জানো তো
কাঁটার ভয়ে আমি সচরাচর গোলাপে হাত লাগাই না
১৯.০৯.২০১৮