অনেক কিছু ভুলে
যেতে চাই, অনেক নাম, শব্দ। মগজ ভরে আছে অর্থহীন সব শব্দে, বিশ্বাসে। কবিতা লিখতে গেলে সেইসব বিশ্বাস আমাকে টেনে ধরে, সেইসব প্রাচীন শব্দে শ্যাওলা জমে
যায় আমার কবিতায়। যদিও খুব গোপনে সেই শ্যাওলাকে আমি ভালবাসি। আঙ্গুলে ছুঁয়ে দিতে
দিতে সেইসব নরম নরম শ্যাওলাগুলোকে অভিনব প্রেমে জড়িয়ে থাকতে ভাল লাগে। আমি সেইসব
কবিতা লিখতে চাই। ভাষাহীন কবিতা লিখতে চাই। রাজনীতি ধর্ম সীমানাহীন কবিতা লিখতে
চাই। আমি ভালবাসার কবিতা লিখতে চাই, মানুষের কবিতা লিখতে চাই। কিন্তু মানুষ; এই শব্দটি মাঝে মাঝেই আমার বিবমিষা জাগায়। আরো অনেক শব্দ মেধা অজস্র নাম
অজস্র কালো অক্ষর, এইসবের ভার আমি সইতে পারি না। আমার শরীর থেকে সরিয়ে ফেলতে চাই ভারী পোষাক, বৃষ্টি শেষে আমি হাঁটতে চাই
কাদামাখা রাস্তায় পিছলে পড়ার ভয় নিয়ে। ছেলেবেলার সাদা তুলতুলে ওমওম পাখিটিকে গালে
জড়িয়ে রেখে আমি কবিতাকে সঞ্চারিত করতে চাই আমাতে। হলুদাভ সবুজ ধানের নরম দুধ ঠোঁটে
মেখে আমি হাঁটুগেড়ে দেখতে চাই কবিতার শরীর।
কবিতা আমাকে গ্রহণ কর
১২.১১.১৮