শহর দেখতে দেখতে, ইট কাঠ
দালানকোঠা দেখতে দেখতে
আমি ঢুকে পড়ি মেঘের
ভিতর, ডানায় টুপটাপ বৃষ্টি
আয়নায় চোখ রেখে জানালার
বাইরে কোথায় হারাও তুমি?
আমি আরও দূরে, যাই সরে
বেলফলের স্তব্ধ সন্ধ্যাও
যায় সরে, পৃথিবীর এইসব বেতসের ঝাড়
তোমার চোখের মত ছাতিম
গাছ-সরে যেতে যেতে
আঁকা হয়ে যায় আমার মেয়ের
ড্রয়িং খাতায়
আমার মেয়ে যা দেখেনি তাও
আঁকে
ওর কুঁড়ে ঘরে ডুবে যায়
লাল সূর্য, আকাশ নেমে আসে জলে
তুমি সরে গেলে আরও বেশি
আঁকা হয়ে থাক, আরও বেশি
ধানক্ষেত, ডাহুকের ডাক,
আরো বেশি চাঁদ, নারী ও রমণী
আরো বেশি সূর্যাস্ত জেগে
থাকে
পৃথিবীর নৈঃশব্দে
অথচ কী আশ্চর্য
এতো যে আয়নার সামনে যাই,
পুনর্বার না দাঁড়ানো পর্যন্ত
কোন আয়নাই আমাকে মনে
রাখে না
৩১.১০.২০১৯