Saturday, December 4, 2021

অন্ধকার

কবিতা লিখে কী হয়? কী হয়েছে এযাবৎ এতো এতো মহান মহৎ কবিতায় যা আজ পর্যন্ত লেখা হয়েছে। কিচ্ছু হয়নি, বরং অন্ধকারে প্রজনন বাড়ছে দিনে দিনে, বংশ বিস্তার হচ্ছে অন্ধকারের। কবিতারও কিচ্ছু হচ্ছে না। অন্তত বাংলায় তো নয়ই। তবু কী সব লিখি আগর বাগর। না লিখে পারি না তাই লিখি। কবিতা ছাড়া আর কোথাও যাওয়ার নেই তাই। এত এত তর্ক, বিতর্ক, আস্ফালন কী হচ্ছে পৃথিবীর। বাড়ছে আরাম, আয়েশ আর কিছু মানুষ ডুবছে, ডুবছে অন্ধকারে।
 
অন্ধকারেরই প্রজনন ক্ষমতা সর্বাধিক
তাই অন্ধকার ছুটছে দিগ্ বিদিক
 
আলো ভেবে যার পিছে ছুটছেন, তার শরীরেও অন্ধকারের শ্লেষ্মা

Friday, December 3, 2021

পুণ্য

আমি । টুকরো আমি
তোমার ঠোঁটে গেঁথে যাই ।
 
ঠোঁট । জলজ ঠোঁট
তোমাতে গেঁথে যায় পাপ
 
তোমাকে ঘিরে থাকে পুণ্য
 
তুমি পুণ্য বোঝ না । পাপ বোঝ
তুমি পাপ বোঝ
 
আমি ঈশ্বরের দেয়া পাপে পুণ্য খুঁজি ।
 
২.১২.২০২১

প্রত্যাশা

খুঁজি, ক্রমাগত নুয়ে থেকে বুনে যাই বীজ
চাই, তার গোপন সবুজে কাঁপুক রাত্রির শীষ


০৩.১২.২১

যন্ত্রণা

যেহেতু আমাদের কোন যন্ত্রণা নাই
আমরা মাঝে মাঝে যন্ত্রণা পান করি
 
আমরা মানুষের নামে যন্ত্রণা পান করি
আমরা পাখির নামে যন্ত্রণা পান করি
আমরা ফুলের নামে যন্ত্রণা পান করি
আমরা নদীর নামে যন্ত্রণা পান করি
 
আমরা মানবতার নামে যন্ত্রণা পান করি
আমরা উন্নতির নামে যন্ত্রণা পান করি
 
আমরা রোদের নামে যন্ত্রনা পান করি
বৃষ্টির নামে যন্ত্রনা পান করি
ভোরের নামে যন্ত্রনা পান করি
সন্ধ্যার নামে যন্ত্রনা পান করি
রাত্রির নামে যন্ত্রনা পান করি
 
আমরা প্রেমিকার নামে যন্ত্রনা পান করি
স্ত্রীর নামে যন্ত্রণা পান করি
সন্তানের নামে যন্ত্রনা পান করি
পিতার নামে, মায়ের নামে, ভাই এর নামে
বোন এর নামে যন্ত্রনা পান করি
 
যেহেতু আমাদের কোনো যন্ত্রনা নাই
আমরা মানুষের নামে যন্ত্রনা পান করি
জীবনের নামে যন্ত্রনা পান করি