Monday, March 30, 2015

শুদ্ধতা

এই সকাল বেলায়
এই সদ্য রাত্রিজাত দিনে আমাকে শুদ্ধতায় পেয়ে বসে
বুকের মধ্যে দলা পাকানো কুয়াশা, মনের ভেতর গুন গুন গান
আমার নিরুদ্দেশ হাঁটতে ভাল লাগে একা একা
মানুষের সঙ্গ আমার ভাল লাগে না

আমার মানবজন্ম অস্বীকার করতে ইচ্ছা হয়
আমার জেগে উঠা হঠাত প্রণয় অস্বীকার করতে ইচ্ছা হয়
ছেলেবেলায় আমি কেন ছুঁয়ে দিয়েছিলাম
হিজলতলায় আধফোটা হিজল?

আমার একা একা হাঁটতে ভাল লাগে নিরুদ্দেশ
মানুষের সঙ্গ আমার ভাল লাগে না, নিজের সঙ্গও আমার ভাল লাগে না।
আমার নিজের উপর বমি করে দিতে ইচ্ছা হয়
আমার মনুষ্যত্বের উপর বমি করে দিতে ইচ্ছা হয়।


৩০.০৩.২০১৫

Friday, March 6, 2015

মানবজন্ম

এইসব ভালবাসাবাসি এইসব প্রেম অপ্রেম
এইসব ঘৃণা এইসব যাতনা
এইসব বুদ্ধিবৃত্তিক চিন্তা ও চেতনা
এইসব মৌল ও মৌলিকত্ব
এইসব আন্দোলন ও বন্ধ্যাত্ব
এইসব বুদ্ধিজীবীতা এইসব মৌলবাদিতা
এইসব পুঁজিবাদ ও সাম্যবাদ
এইসব রোধ অবরোধ বিরোধ
এইসব ন্যায় অন্যায় আর মাৎস্যন্যায়
এইসব কবিতা অকবিতা এইসব প্রগলভতা

এই সবের কিছুরই পক্ষে নই আমি, এবং বিপক্ষেও
আমি কেবল ঈশ্বরের দীর্ঘশ্বাস চুরি করে নিয়ে বলতে চাই
মানবজন্ম না হলে প্রকৃতির এমন খেয়ালের কিছুই
দেখা হত না আমার।


২৪.০৩.২০১৫