মহাশূন্যতাই যদি অনন্ত আশ্রয়
তবে সত্য হউক অশ্বডিম্ব।
ইশ্বর, তোমার মনুষ্যজন্ম কতটা রোমাঞ্চকর ছিল
সে চিন্তা থাক। ভালবাসার নাম করে তুমি যতই
হাউমাউ করে কাঁদো মহান সংসদে, সেটা অবশেষে
গ্রাম্যতা বলেই পরিগনিত হবে। তোমার নিযুতবর্ষি
অপেক্ষারা ঝুলে থাকুক বিরাণ জানালায়, ব্যস্ততম
চৌরাস্তায়, বেদখল হয়ে যাওয়া ব্যালট বাক্সে
মুঠোফোনের কম্পনে কিংবা ভিনদেশি পাহাড়ি বৃষ্টিতে
তুমিও জান, মহড়া শেষ হয়ে গেলে মুখ্য নারীবাদীও
মুখ লুকাবে চওড়া লোমশ একান্ত নিজস্ব বুকে
আর ঘর-পুরুষ পুড়বে পর-নারীর তাপে।
সুতরাং তুমি তোমার একতারায় তুলতে পার যেকোনো সুর
কিংবা ছেঁড়ে ছুঁড়ে বাজাতে পার জাইলোফোন।
৩০.০৪.২০১৫
No comments:
Post a Comment