সব কিছুই ঠিকঠাক চলবে
যদি তোমার চাওয়াগুলোকে
রেখে দাও ওজোনস্ফিয়ারে
সবকিছুই ঠিকঠাক চলবে যদি
তুমি চেয়ারে হেলান দিয়ে
চোখ বুজে দেখতে থাক সিলিং ফ্যানের ঘূর্ণন এবং
প্রত্যাশা না কর কাঁধে কোনো হাত
যদি তুমি প্রেমপুরাণে
বিশ্বাস কর নির্দ্বিধায়
মনসাগরে না ডুবে
যদি তুমি অনায়াসে ডুবে যেতে পার সম্ভোগ গহ্বরে
সব কিছুই ঠিকঠাক চলবে যদি তুমি ভুল করেও
দৈনিক পত্রিকাগুলো হাতে তুলে না নাও
যদি তুমি টেলিভিশনের ভলিউম পুরোপুরি অফ করে দিয়ে
গভীর রাতে দেখতে থাক সুশীলওয়ালা দের শার্টের রঙ আর
চুলের ভাঁজ
সবকিছুই ঠিকঠাক চলবে যদি তুমি প্রেমানুভুতি
ধর্মানুভুতি কিংবা দলানুভুতির জোয়ারে
ভাসিয়ে দিতে পার পথঘাট এমনকি পয়ঃনিষ্কাশন নর্দমা
যদি তুমি পড়তে পার কেবল চোখ দিয়ে
যদি তুমি দেখতে পার কেবল দৃষ্টি দিয়ে
যদি তুমি বিশ্বস্ত থাক বিস্তৃত নৈঃশব্দতায়
আর ভোরের সবজি ফেরিওয়ালার কাছে মগজ বেঁচে দিয়ে
অপেক্ষা করতে থাক অনাগত আলোকোজ্জ্বল দিনের।
No comments:
Post a Comment