Saturday, September 5, 2015

দুঃখের ফেরিওয়ালা

কখনো কখনো কবিতাও বিরক্ত লাগে
মনে হয় আমি অর্থহীন অক্ষমতা বপন করি কবিতায়
বিষন্ন শব্দেরা হাশপাশ করে, হুতোম প্যাঁচার মত বেজার মুখে
ঢং বদলে আমি মূলত ফেরি করি দুঃখের

ইদানিং দুঃখ বিলাসি বলে আমার দুর্নাম আরো বাড়ছে
এই তুমি সেই তুমি এই পাওয়া সেই পাওয়া
এই প্রেম সেই প্রেম এই দ্রোহ সেই দ্রোহ
হিসেবের খাতা কেবল উড়ছে।

একসময় এক নারী কিছুই না বলে
ঘণ্টার পর ঘণ্টা পাশে বসে থাকতো
একবার এক নারী হাতে হাত রেখে
চোখের জল ফেলেছিল। আরো একবার একজন
অস্পষ্ট সন্ধ্যায় বকুল গাছের নীচে ছড়ানো বকুল দেখে
ভোরের সতেজ বকুল কুড়িয়ে মালা গেঁথে দেয়ার কথা
বলেছিল।  আহা বকুল
শেষমেশ শুকিয়ে যাওয়াই যার নিয়তি
মূলতঃ প্রাকৃতিক বলেই এ নিয়ে আর তর্ক চলে না

এমন নয় যে এখনি জীবন যুদ্ধে ইস্তফা দিয়ে লিখছি কবিতা
তবু আমার দীর্ঘশ্বাসের নাম কবিতা, অক্ষমতার নাম কবিতা

এই জীবন বদলে যদি অন্য জীবন চাই
তবে আমি একটি কবিতাহীন জীবন চাইব
চাইব পেশীবহুল কৃষকের জীবন
চাইব একরোখা প্রেমিকের জীবন
কিংবা তুলতুলে রঙিন প্রজাপতির জীবন
না চাইলেও যেন ছুঁয়ে দিতে পারি তোমার
উদোম পিঠ


No comments:

Post a Comment