Friday, January 13, 2017

দুঃখ



এই দুঃখগুলো পারিবারিক সূত্রে নয়
উত্তর উত্তর আমি দক্ষিণ হস্ত পেতেও
এই দুঃখগুলো জমা করিনি

তবু শুকিয়ে যাওয়া নদীকে আমার
হাত পেতে বসে থাকা অর্ধনগ্ন শীর্ণ নারী মনে হয়

আব্বার দুঃখগুলো দৃশ্যমান ছিল, এবং রাজনৈতিক
আম্মার দুঃখ নিয়ে আমার কোনো ধারণাই নেই
আম্মা নিশ্চয়ই মরে যেতে চাননি, তবু তিনি সাহসী ছিলেন বলা যায়
আরতি, আমার বোন কিংবা মা, তিনিও সাহসী ছিলেন
এবং মরে গিয়েছেন

পারিবারিক দুঃখগুলোকে আমি ভীরু ট্রাঙ্কে তালা মেরে রাখি
পুরুষ বলেই চাবির স্বত্ব আমার
ডুপ্লিকেট চাবি মহাকালে ছুঁড়ে ফেলে দিয়ে
আমি জন্ম জন্মান্তর ভোরের শিশির হয়ে বেঁচে থাকি

১০.০১.২০১৭

অপার্থিব স্যান্ডেল

আজকাল প্রায়ই বৃষ্টি হয়
একটানা বৃষ্টিতে রাস্তায় জল জমে গেলে
ছেলেবেলার খালগুলো টইটুম্বুর হয়ে উঠে
শান্তিনগরের ছিপছিপে নদীতে
একজোড়া অপার্থিব স্যান্ডেল ভাসতে দেখে
আমি বাঁধা পড়ে যাই শান বাঁধানো ঘাঁটে
অতঃপর লোকচক্ষুর অন্তরালে ওই অপার্থিব স্যান্ডেল পায়ে দিয়ে
শৈশবের সিড়ি বেয়ে আমি উঠে আসি আলোকোজ্জ্বল ড্রইংরুমে

ওই অপার্থিব স্যান্ডেল পায়ে দিয়ে আমি ঘরময় হাঁটি
নিয়ম করে অফিস করি, বাজারে যাই, সঙ্গম করি
ওই অপার্থিব স্যান্ডেল আমাকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে
আজকাল বৃষ্টিও হয়েছে এমন
শুরু হলে আর থামছেই না, কি দিন কি রাত
যেমনি আকাশ তোলপাড় করা বৃষ্টি
তেমনি বুকের খালবিল ভাসিয়ে ভীষণ অনাসৃষ্টি

রাতভর বৃষ্টি হলে
জলে আমার ঘর ভরে যায়, বুক ভেসে যায়
দখিনের জানালা জুড়ে শূন্যতা ঘন হয়ে উঠলে
ঘাসফড়িঙ এর নগ্ন পায়ের শব্দের জন্য
কান পেতে থাকি আমি
আর আমার
অপার্থিব স্যান্ডেল

১২.১২.২০১৬