Friday, April 28, 2017

নারী ও নক্ষত্রবিষ


প্রেম কি ঠিক বুঝি না, ভালবাসাও না। আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে দেয়ার লোভে কত রাত নির্ঘুম
কেটেছে
যে ফুলে কাঁটা ছিল তাকে স্পর্শের সাহস না থাকার মানে এই নয় যে
দৃষ্টিতে উন্মাদনা ছিল না, বরং এতেই  পুড়ে শীতল হয়েছে ভরদুপুরের রোদ, আর আমরা
           ‘অন্যরকম ভালবাসার হীরের গয়না শরীরে নিয়ে’ আজও ঘুরে বেড়াচ্ছি
                        নারী ও নদী, নারী ও নগরী, নারী ও নক্ষত্র
দূর থেকে দূরে- দূরে- আরও দূরে। নারী কি নক্ষত্র তবে?

নক্ষত্রবিষে পুড়ে যায় দেহ
ভালবাসা পাই বা নাপাই, ছুটে যাই...

২৯.০৪.২০১৭

Monday, April 17, 2017

দূরত্ব



বাইজেন্টাইন শহরে ছটফটায় এক নিবিড় প্রজাপতি
আমি তার স্পর্শের জন্য কাঁদি

১৬.০৪.২০১৭

ঢোক



কত বার ঢোক গিলেছি
নাকি থুতু, নাকি জীবন
অথবা মরণ

নতুন করে শুরু করবার জন্য গিলেছি
মরে না যেতে পারার জন্য গিলেছি
আপস, কত আপস
অপমান, কত অক্ষমতা
সইবার জন্যে গিলেছি
বইবার জন্যে গিলেছি

এবং
গিলছি...

কণ্ঠ ফুল ফোটার আগেই কণ্ঠকে খেতে শিখে
আকন্ঠ ডুবে আছি পৃথিবীর আঠাল জঠরে

শুদ্ধতা



শুদ্ধতার কি কোনো নাম হয়
বা কোনো প্রকার?
না পাওয়ার বেদনা কেবল জানি
না দেওয়ারও বেদনা থাকে

আলোর দিকে রুদ্ধশ্বাস ছুটে যাওয়া উইপোকা
অবশেষে ডানা ভেঙ্গে হামাগুড়ি দিলে
কীইবা করার থাকে শুদ্ধতম আলোর
জ্বলতে জ্বলতে জ্বলে যাওয়া ছাড়া

শুদ্ধতা একটা ব্যক্তিগত বোধ, নাগরিক বা গ্রাম্য

(০) স্থান



শূন্যস্থানে কিছু নেই কে বলল
কিছুই শূন্য থাকে না, কিছু তো এসেই যায়
তুমি দাঁড়িয়ে থাক একা, আমি কি দেখিনা?
আমিও দাঁড়িয়ে থাকি
তুমি দেখেও দেখ না

তুমি দাঁড়িয়ে থাক, আমিও

শূন্য আহা প্রার্থিত শূন্য

১৪.০২.২০১৭

দুঃখ-২



তথাকথিত প্রজ্ঞায় নাচে অমাবস্যা
বিজন ঘরে ঘুরে অস্থিরতার লাটিম
কি চাই, কেন চাই
ভালবাসি কি? মানুষ না নারী
নারী না কলাপাতার গাড়ি

কাচমিঠা গাছের ছায়া মাঝপুকুরে ডুব দিলে
খলবল করে উঠে দুঃখ, দুঃখ আমার বোনের নাম
শূন্যতায় তারা হয়ে জেগে থাকে

যেন শরীর নয়, দুটো আত্মা পাশাপাশি শুয়ে থাকে
মাঝখানে ট্রাফিকজ্যামে আটকা পড়ে পুরো শহর  

০১.০২.২০১৭