Saturday, August 5, 2017

ফ্রয়েড এর সঙ্গে এককাপ কফির প্রস্তাব



মানুষের পৈশাচিকতা বাড়ছে নাকি কমছে সে চিন্তা থাক। আমি নিতান্তই নাবালক ভদ্রলোক
আজকাল পত্রিকা পড়া প্রায় ছেড়েই দিয়েছি, তবু পুরুষের পৈশাচিকতা থেকে চোখ সরাতে পারি না খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। বগুড়ায় ছাত্রী ধর্ষণ, মা ও মেয়ের মাথা মুন্ডন। ট্রাকে কিশোরী ধর্ষণ, জগন্নাথপুরে ধর্ষিত কিশোরীর আত্মহত্যা, কারখানার ভিতরে গার্মেন্ট কর্মী ধর্ষণ, তিন বছরের শিশুকে ধর্ষণের পর খুন। ধর্মাবতার ঠিকঠাক রায়ের জন্য আপনিও নিশ্চয় সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে বুঝে নেবেন। আর শ্রদ্ধাভাজন সাংবাদিকগণ, আপনাদের বিচক্ষনতা আমাদের সচেতন করছে। মা মেয়ের মাথা মুন্ডিত মুখ দেখে ধর্ষকের আসল অপরাধ মর্মে বর্মে অনুভব করছি

নামকরণ হিসেবে মানবজাতি শব্দটি ভুল, ইহা মূলতঃ পুং ও স্ত্রী জাতি

ভাববেন না আমি কেবল পুং লিঙ্গের দোষারোপের জন্য একাট্টা, বরং তিন স্ত্রী এক পুং কে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে উত্তেজক ইঞ্জেকশন দিয়ে দিন তিনেক ধরে ধর্ষন করে ফের একই জায়গায় অর্ধমৃত ফেলে যাওয়ার আরব্য ঘটনাটিও আমার বিলকুল জানা

সুতরাং, ইত্যাকার ঘটনাবলির মানবিকতায় নিজের মধ্যে ক্লীবত্ব জন্ম নিলে সজীবতা ফিরিয়ে আনার লক্ষ্যে আমি মহামান্য ফ্রয়েড এর সঙ্গে এক কাপ কফির প্রস্তাব দেই। তিনি ব্যস্ততার অজুহাতে তা প্রত্যাখ্যান করেন। অতঃপর বিবিসি’র হার্ড টক এ তাকে দেখা গেল মুন্ডিত মস্তকে ইশ্বরের সঙ্গে তর্কে লিপ্ত। ইশ্বরের মুচকি হাসির উত্তরে ঠোঁটের কোনে এমেরিকানোর ফেনায় তাঁর হতবিহ্বল অবস্থা দেখে আমার নিজেরই হাসি পেল...হা হা

০৫.০৮.২০১৭

No comments:

Post a Comment