এটা নিশ্চয়ই মজার কথা নয়
যে তুমি
আমার ভাল থাকা নিয়ে
উদ্বিগ্ন। তবু যদি
আমার হাসি পায় তুমি
কিন্তু আমাকে দায়ী করতে পারো না
একটা মাছরাঙা উড়ে গেলো
শাইই করে
একজন আমলার নদীর মাছ
ছাড়া চলে না। তিনি
একটা কাচের ঘরও
বানিয়েছেন নদীর পাড় ঘেঁষে।
(প্রসঙ্গান্তরে বলে
রাখি, জনৈক স্থপতি পুরস্কারও
পেয়েছেন ওই কাজের জন্য)
মাছরাঙা আর আমলা
দুঃখিত ভদ্রমহোদয়গণ, আগে
আমলা বলা উচিৎ
একজন আমলা আর মাছরাঙার
তুলনা শুনে
আমার হাসি পেয়ে গেলে
আমাকে দায়ী করতে পারেন
না
শহরময় মেকি আলোয় বসে এক
দঙ্গল অন্ধকারের মানুষ
খোদাই করছে আমাদের
ভবিতব্য। তাঁদের উচ্চারিত
প্রতিটি শব্দ, আদর্শ, আর
কর্মযজ্ঞে আমার অট্টহাসি পেলে
আশা করছি আমাকে দায়ী
করবেন না
আমি আমার প্যাঁচামুখে
এইসমস্ত হাসিক খোরাক পেয়ে
সত্যি পুলকিত। তোমাকে ও
আপনাদেরকে ধন্যবাদ
এই হাসি আমার হৃদয়কে
প্রসারিত করছে, পাশ ঘেঁষে চলা
আমার জীবনছায়া প্রলম্বিত
হচ্ছে। আপনারাতো জানেন
হাসি বেঁচে থাকার জন্য
কতটা দরকারি
২০.০৯.২০১৯