বয়স বাড়ছে। এখন রাত বাড়লে আলো হাতে দাঁড়িয়ে থাকেন স্বয়ং ঈশ্বর, হারিকেনের
চিমনি মুছতে মুছতে মায়ের রঙ ধরেন, আমি জানি এইসবই তার ছলনা। কখনো কখনো নিজেকে মাংসপিন্ড
বানিয়ে হাজির হন বিছানায়।
অচ্ছুতকে ছুঁয়ে দেয়ার সময় আমার কপালে ভাঁজ পড়ে না, জানি ঠিক তার পরেই একটা
ট্রেন ছেড়ে যাবে কমলাপুর থেকে। ট্রেনের
সওয়ারি হয়ে ঈশ্বর হারিয়ে যাবেন আলো আধারিতে। কই যাবে এই ট্রেন? ইশ ট্রেনটা যদি
গিয়ে হাজির হত আমাদের হাইস্কুলের মাঠে! সেখানে ছেলেবেলায় আমি কমলারঙের
একটা শার্ট পরে হাঁটতাম। ওই কমলারঙের শার্ট
উড়িয়ে একটা ট্রেন থামানোর ইচ্ছা ছিল আমার ছোটবেলাতেই...আর সেই ট্রেনে যদি ঈশ্বর
থাকেন তবে তো কথাই নেই।
আমার জন্য অনেক দূর থেকে অমঙ্গল বয়ে এনেছেন যিনি, তাঁকে বলাহয়নি যে সেই
অমঙ্গল আমি ঈশ্বরের সাথে ভাগাভাগি করে নেব। শুধু আমার কমলা শার্টটা ঠিকঠাক খুঁজে
পেলে হয়...
০২.০৯.২০১৯
No comments:
Post a Comment