Monday, March 16, 2020

স্বপ্নদ্বার


কাল জেনেছি আমাকে পৌঁছাতেই হবে
তোমার ঠোঁটের কোণে নাচছিল তিড়িং বিড়িং ফড়িং
সেই ফড়িং আমার শরীর ছুঁয়ে গেছে। আমি বুঝেছি
আমাকে পৌঁছাতেই হবে

পরাজিত ডানায় ছিল স্বেচ্ছামৃত্যুর ক্লেদ
তোমাকে ছেড়ে আসা পতঙ্গস্পর্শ আমাকে বলেছে
তুমি আমার সঙ্গে নরকে যেতে রাজি আছ-

আমি স্বপ্নদ্বার খুলে দিয়েছি আবার

আমার ছায়ারা মেঘ হয়ে ভাসছিল ভুল গলিতে
সারা রাত ঝাপসা আলোয় আমি খুঁজি নাই
মানুষের মুখ। পতঙ্গ চোখ আমি ফিরে ফিরে দেখি

গন্তব্যের সব আয়োজন আমি সেরে নিচ্ছি দ্রুতই

১২.০৩.২০২০

অহম


বিশ্বাসে বিশ্বাসে ওড়ে অহমের চাদর। তিনি আমাকে আর চিঠি লিখবেন না বলে ঠিক করেছেন। যে চিঠিটি আমার লিখবার কথা ছিল না, সেটিও পোস্ট বক্স হয়ে ফিরে আসে। ফিরে আসা, ফিরে যাওয়া কিংবা দেয়া, এইসব নিতান্ত সাধারণ ঘটনা। পশ্চিমের মেঘে লালিমা মানে তুমি ঋতুচক্র আসন্ন বোঝালে ঈশ্বর ঢের খুশি হন। মেঘ মানেই আমার কাছে দুঃখময় কিছু, লালিমা হলে আরো।
                                                   
'নক্ষত্রের ঢের নিচে' যারা বাস করে তারা আহাম্মক।

২৩.০২.২০২০

বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি


বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমি দূরে সরে যাচ্ছি
লঞ্চ ছেড়ে গেছে, আমি উঠিনাই
একা দাঁড়িয়ে আছি জেটিতে।

কখনো জয়ী হইনাই, তাই ব্যর্থতা নিতে পারি না
আমি যেচে পরাজয় মেনে নেই

তোমাদের কারো কাছে জেটিতে ওঠার পয়সা চায়নি
আমাকে আটকে দিয়েছিল, তোমাকে আগেই বলেছিলাম
‘দেখো…এমনটা হবে’। হলোও…
আমি পয়সা আগেই রেডি রেখেছিলাম

তোমরা সবাই চলে গেছ
আমি একা দাঁড়িয়ে আছি, জেটিতে। লঞ্চ যাচ্ছে

Friday, March 13, 2020

দৃষ্টি


শেষের দিকেই যাচ্ছি, জেনে গেছি শেষ কতটা নিকটে
তোমার দেয়া জীবনশক্তি শেষ, তুমি নিজেই হারিয়েছ তা
আমি তবে কীভাবে রাখি?

রাত্তিরে চোখ রেখে আমি দেখেছিলাম দিনের আলো
ঝলসে যাওয়া চোখ নিয়ে আমি নিতান্তই অন্ধ এখন

অপার্থিব আলোর ঝলকানির জন্য এখন রাতের দিকেই দৃষ্টি আমার

১৬.০২.২০২০


বাংলাদেশ বিষ২০


উরত ফাঁক করে দিয়ে ধানের গোলায় বসে আছ
বাংলাদেশ, তোমার মেশিন ছাঁটা চিকন চালে
আমার বমি আসছে

১৬.০২.২০২০