Monday, June 22, 2020

স্নানঘরে কবিতার শেল্ফ


তোমাকে এক খাবলা পেয়ে গেলে, ধর তোমার স্নানঘরে
খাবলাখাবলি আবার স্বভাব না হয়ে যায়!
তখন কবিতা নিয়ে তুমি শঙ্কায় পড়ে যাবে, তখন
তোমার বুকশেল্ফের কবিতাগুলো ডাকাতের মত
হামলে পড়লে, তুমি ভয় পেয়ে যাবে নাতো

তোমার আব্দারে আকাশ যদি সত্যি বিছিয়ে যায় স্নানঘরে
আর কাচে ঘেরা শেল্ফেও যদি রাখো কবিতা বন্দি করে
দেখো, জয় গোস্বামীরও সঙ্কোচ যাবে ভেঙে
সমস্ত যৌবন ধরে থাকা ব্যধিঘোর কেটে যাবে তাঁরও।

শব্দেরা হালুম হুলুম ভাঙবে কাচ, ওষ্ঠে ছড়াবে সুধা
বিহ্বল তোমার অন্তর্বাস ছিঁড়েখুঁড়ে বীরবর হয়ে গেলে যুক্তবর্ণ,
তোমার গোপন গভীর হ্রদতট ভাসবে জোয়ারে। বল তো…
তখন কবিতার কোন লাইন তোমার মনে পড়বে?

তোমার রক্তরেণুতে গেঁথে গিয়ে কবিতার বীজ, তুমি
সন্তানসম্ভবা হলে কবির ভ্রূণে লেখা হয় নতুন কবিতা

প্রেম দূরে সরে থাকে, প্রেম একা হাঁটে
শব্দেরা ছুঁয়ে থাকে, শব্দেরা কাঁদে…তোমার স্নানঘরে, তোমার বুকভরে-
কবিতার শেল্ফ।

১৭.০৬.২০২০



Tuesday, June 9, 2020

বৃষ্টি


আমি মরে গেলেও বৃষ্টি হবে, এই জানালার পাশে
হয়তো কেউ বসবে না, বা বসবে কেউ
কিচ্ছু বিচ্যুত হবে না কোথাও
একই শব্দ নিয়ে ঝরবে বৃষ্টি, একই রকম ছাঁট
দূরে দালানগুলো ভিজবে, নিয়ম মেনে ঠিকঠাক গড়াবে পানি
লম্বা টানা বারান্দায় এক কোণে দাঁড়িয়ে কাপড় ইস্ত্রি করবে
যেকোনো নারী

আমি মরে গেলেও একই রকম ঝরবে বৃষ্টি, কিংবা
আমি নিজেই বৃষ্টি হয়ে ঝরব তোমার জানালার পাশে
তুমি না চাইতেই তোমাকে ছুঁয়ে দেবে বেহায়া ছাঁট
বা তুমিই আনমনে হাত বাড়িয়ে দেবে ছুঁয়ে, তেপান্তরের মাঠ

ভালোবাসা কেমন থেকেই যায়… মানুষ চায় বা না চায়
বৃষ্টি অজান্তেই ভিজিয়ে দেয়
ভাঙাচোরা দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ কোনো বিরহসেতু

০৮.০৬.২০২০

Wednesday, June 3, 2020

প্রেম ও আচ্ছাদিত গল্পের ইশারা


এই আবদ্ধ (লক্ড ডাউন) জীবনও তেমন ভিন্ন নয়
আমি যদি ঘর ছেড়ে দাঁড়াই গিয়ে খোলা মাঠে দূরে
আকাশের নিচে, আমার তখনও হাঁসফাঁস লাগে
উপরে কালপুরুষের তলোয়ারে আমার ভয়, হে সপ্ত ঋষি
কারো দিকেই আমি জোড়হাত দাঁড়াইনি কখনো

কেবল তুমি, তোমার সাথে বিড়াল পায়ে হাঁটতে হাঁটতে,
তোমাকে দেখাচ্ছিলাম শূন্যতার বিছানায়
রাতভর জেগে থাকা আমার মা, পৌষের আকাশের তারা
আর পৃথিবীর আচ্ছাদিত গল্পের ইশারা

না, আমি তোমারও নই। শেষমেশ তোমার জন্য হাত কেটে
ফিনকি দিয়ে বের হওয়া রক্তে তুমি মোহিত হলে, আমি দূর থেকে
দেখি পৃথিবীর বিরান শস্যখেত

আমি কারোরই নই। দিনে দিনে ভাগ হয়ে যাওয়া
কত কত দলে লেখা হতে থাকে আমার নাম। পৃথিবী এখন
দল আর দলের। দলহীনদের জন্যও আছে দলের প্রসারিত হাত।
আমার জন্য জোগাড় হতে থাকে অ্যাম্বুলেন্স, ডাক্তার, অক্সিজেন সরবরাহ
তবু আমি কারোরই নই। এই আচ্ছাদিত গল্পের ওমে
আমার শীতলতা তবু কিছুতেই কমে না

আমি মজে আছি এক গভীর প্রেমে। বেঁচে থাকার প্রেম,
অলীক কবিতার প্রেম। এই প্রেম আমার কন্যার মুখ
আমাতে ছলছলানো প্রেয়সীর চোখ

আমি পিঁপড়ার দল বেঁধে মরে যাওয়ার বিহ্বল। তবু পৃথিবীর আচ্ছাদিত গল্পে
কী সুন্দর দেখি ঝিরঝিরে বাতাস! অসমাপ্ত অক্লান্ত ঝড়জল!

২৭.০৫.২০২০