Monday, July 19, 2021

প্রেম

তোমার বাড়ির পাশ দিয়েই পথ
পথ মানেই ভিন্নতা। ভিন্ন মানুষ
তোমাকে কিছু বলার নাই
দেখব যে সে আশাও নয়
তবু হাঁটি। অনেকের সাথে
 
আর সামান্য পরেই
প্রথম হওয়া দালানের একতলার ছাদ
চিনেবাদামের খোসা
 
সিনেমাহলের পাশ দিয়ে যে খাল
সেটা বেশ দূরে
তবু চরাচরের সব সুমিষ্ট বাতাস বইছে ছাদে

সংশয়-২

আমার কবিতা নিয়ে অনেকেরই সংশয় ।
‘ঠিক বোঝা যায় না’
সত্যি বলতে কী সংশয় আমারও।
 
আমাকেও বুঝতেন না আমার বাবা
বোনেরা বলতেন- আমার মত জীবন হলে বরং আত্মহত্যা করত ওঁরা
আমিও বলতাম-তোমাদের নারী জীবনের চেয়ে জীবনহীনতাও ভালো
কী বুঝে বলতাম কে জানে
 
আমি যাকিছু ভালোবাসি, আমার যাকিছু ভালোবাসার
কী বুঝে এইসব বাসা-বাসি, বুঝি না
 
আমার বাবাতুল্য বড় ভাই, তাঁর স্তনে আমি দুধ খুঁজতাম
তিনিও আমাকে বুঝতে পারেন না

সেবয়সে আমিও বুঝতাম না পুরুষের স্তনে কেন দুধ থাকে না

সংশয়

ঘুমের স্মৃতি ভুলে যাওয়ার সংশয় নিয়ে
তুমি আবার ঘুমাতে গেলা ।
আমি ‘কবুত’ পাড়ার খানাখন্দ হেঁটে টেটে
তোমার দরজায় এসে দাঁড়াতেই
তোমার বাম স্তন শিরশির করতে থাকে।
 
তখনই মার্শেল প্রুস্তকে বিড়ালে রুপান্তর করা মাসরুর
আমার অন্দরমহলে ঢুকে পড়লে, আমি শিল্প নিয়ে বিপদে পড়ে যাই
আমার শিল্পিত আঙুল ও জিহ্বা
তোমার ভেজানো দরজা থেকে সরে এসে
আমি, আমার ছোটবেলার বিড়াল মিয়াও, ‘আন্ডারগ্রাউন্ড’র ভ্যালেন্তিনা,
আর মার্শেল প্রুস্ত এর দ্বিধান্বিত প্রণয়ে বিহ্বল বোধ করি
 
অতঃপর তোমার জ্যোৎস্নাগ্রামে খেলাচ্ছলে খুঁজতে থাকা
অচল আধুলির লোভ আমাকে বাঁচিয়ে দেয়
 
হিং টিং ছট্
হিং টিং ছট্
তুড়িয়ানন্দে কবি ছোটে পাইয়া শকট

মামুলি কিছু কথা

কথা বলা ভীষণ বিপদ আজকাল
'ভালোবাসি' বললেও তার একাল সেকাল
ত্রিকাল এসে জাপটে ধরে আস্ত বর্তমানকে
 
এখন শব্দেরা দিগন্ত বিস্তারি
প্লাবিত করে রাখে চারপাশ
কিংবা চৌচির করে দেয় প্রান্তর
 
কিছু খুব ব্যক্তিগত, কিংবা বলা যায়
মামুলি কিছু কথা বলবার জন্য
আমি বাতাসকে সাথে নিয়ে বসেছিলাম
নির্জনে গাছের ছায়ায়
আমার কথা শোনার আগেই সেকী হল্লা চারদিকে
সব পাতারা ঝরে গিয়ে যেন মিছিল শুরু করে দিয়েছে
 
কাকে বলব আমি
আমার নিতান্ত অর্থহীন মামুলি কিছু কথা!
আমি কাকে বলব?