Saturday, October 17, 2015

স্বপ্ন

এইরকম অ-যথাযথ স্বপ্নের ভিতর দিয়ে যাও
সত্য কিছু পাও বা নাও যদি পাও
আঁধারে সপ্তডিঙ্গা নাহয় তুমি খামোখাই ভাসাও

দেখো আমার কৈশোর এখনো ঠিকঠাক পার হয়নি
আমি আচমকাই নিমগাছের নীচে আসনপেতে বসে পড়ি
আমার তেলহীন অযত্ন উরুতে নখ দিয়ে লিখে রাখি
তোমার মায়াবী নাম।
নারী তোমার সুশোভিত বেডরুমে আমার অযত্ন উরু কী
বড় বেশী বেমানান?


যাচ্ছেতাই ইচ্ছেতাই

যেমন ইচ্ছা বাঁচ
সুখদৃশ্যে উদ্বাহু নাচ

যেমন ইচ্ছা কামাও
টাকা এবং
সুখি মানুষের জামাও

যেমন ইচ্ছা লেখ কবিতা
আগপাশতলা তলাআগপাশ
যাচ্ছেতাই ইচ্ছেতাই
চিন্তার খোরাক সবি তা

যাহা ইচ্ছা খাও
যেথা খুশি যাও                                   

-নাই রে ভাইরে
তাই রে নাই রে –
কি  আসে যায়

আসে যায়
যায় আসে                              
যায় আসে আসে যায়
ইহাতেই সুখ
কামক্লান্ত মুখ

 

তুলে নাও এই স্বপ্ননাশ দন্ড

যদি প্রতিশ্রুতি দেই
ভুল করেও ছুঁতে চাইব না
যদি প্রতিশ্রুতি দেই
খুব গোপনে আনা চকলেটগুলো এমন আলতো
তুলে দেবো তোমার হাতে, যেন আমার উদ্বায়ী আঙ্গুল
অবচেতনেও ছুঁয়ে না দেয় তোমার করতলের
সৌভাগ্য রেখা।
যদি প্রতিশ্রুতি দেই
ল্যাপটপে পুরোনো ছবি দেখানোর সময় আমার কনুই
বুকের খুব কাছে ঘোরাফেরা করলেও আমি
যথাসম্ভব আষ্টে-পৃষ্ঠে কাষ্ঠ হব
যেন বুকের ওঠানামায় ছুঁয়ে না যায় অনুদ্বায়ী মেঘমালা
যদি প্রতিশ্রুতি দেই
হাঁটার সময় দূরত্ব রাখব একহাত নিদেনপক্ষে এক বিঘত
যেন অনিচ্ছায়ও আমার হাত ছুঁয়ে না দেয় তোমার হাত
এমনকি কড়ে আঙুল
যদি প্রতিশ্রুতি দেই
তোমার অ-জ্ঞান প্রশ্রয়েও 
আমি সজ্ঞান নিরাশ্রয়ী হব

তবু তুলে নাও এই স্বপ্ননাশ দন্ড

কবিতা ও বিষ্ঠা বিষয়ক কথকথা

ভাঙ্গার জন্যেও যে গড়ারই সূত্র
এটা  জেনেও যারা ঠেলতেই থাকেন
পরিনামে তাহারাই ব্রাত্য হন
       
আমলা কবির গামলা ভরা জ্ঞান ( নাকি ফেন)
শামসুর রাহমানকেও ভাগাড়ে ফেলে দেন
      
শেখ হাসিনার গনতন্ত্র আর
সরকার আমিনের ধর্মতন্ত্র
আমিন        আমিন
       
আমার এক বন্ধু পায়ের বুড়ো আঙ্গুলের
গন্ধ পছন্দ করেন, আরেকজন ঘামের গন্ধ
কেউ পোড়া মবিলের গন্ধ পছন্দ করেন
কেউ পোড়া টায়ারের
কেউ আয়ুকামী
কেউ পায়ুগামী
কবিতার বিষ্ঠায় যারা চিন্তার খোরাক খুঁজে পান
তাদের জন্য নাড়াচড়ার কাঠিটি
যথাসম্ভব ছোট হওয়াওই যৌক্তিক

Saturday, September 19, 2015

সুন্দর

তাকিয়ে থাকা ছাড়া কিছুই দেখিনা
না ভারী চশমায় চোখ, না অপার্থিব মুখ
অবাধ্য চুল তবু ছুঁতে চায় বুকের কারুকাজ
দন্ডিত আমি হৃদয়ের জমিনে দেখি সীমানার সাজ
এ সুন্দর ভীষণ আপন
এ সুন্দর গভীর গোপন

১৭.০৯.২০১৫


Monday, September 14, 2015

বিলাপ

যদি কোনোদিন হন্তারক হই নিজেই নিজের
ভেবো না এ কেবল আমারই অক্ষমতা

আর যদি নিতে না পারি এই দ্বি-ভাব
গোলাপের গন্ধ নিতে নিতে টিংটিঙে রজনীগন্ধার
কথা মনে করে আমি যদি সম্ভোগেই মত্ত থাকি
তবে জেনো, আত্বদহনের কালে
নিজের কব্জিতে ব্লেড চালানোর নাম করে আমি
রক্তাক্ত করি মানব ও মানবতা সংক্রান্ত সমুদয় ভন্ডামি।

আত্বগ্লানির অনিবার্য পীড়নে পুড়তে পুড়তে
নিজের অজান্তেই যদি তোমার নিটোল ঠোঁটে
গেঁথে দেই কামার্ত দাঁত, তবে জেনো
পুরুষ জন্মের পাশাপাশি আমি লালন করি
জন্মজন্মান্তরের পৈশাচিকতা

যদি কোনোদিন তোমাকে অবজ্ঞা করে বসি
যদি বিস্মৃত হয়ে যাই লাউডগা, ছেলেবেলার তুলতুলে পাখি
যদি বিকারগ্রস্ত আমি ইশ্বরের শিরস্ত্রাণ চুরি করে
পরিয়ে দেই তোমার মাথায়, যদি
অমানবিক এই পৃথিবীতে আমি হারিয়ে যাই অকস্মাৎ
তবে ভোরের ঝিরঝিরে  বাতাসে শরীর ডুবিয়ে ভেবো
‘আমাকে জড়িয়ে না থাকলে তোমার জীবন কী ভীষণ দুর্বিসহ!!’

১৫.০৯.২০১৫

Tuesday, September 8, 2015

সাহস

আমি যে কত অক্ষম
কত কিছু জানি না, কত কিছুই বুঝি না
তবু তুমি সাহস করে কিছুই বল না
তোমার সাহসের আশায় হৃদয় পেতে বসে থাকি