Sunday, May 28, 2017

কোনো পথ খোলা নেই আর তোমার কাছে পৌঁছার



তোমাকে দেখার নামে স্বেচ্ছায় দুঃখ কিনি। তোমাকে না দেখার কষ্টের সাথে দেখার কষ্ট যোগহলে আমি স্টিপলচেজ এর ঘোড়া হয়ে আছড়ে পড়ি কৃত্রিম হাঁটুজলে। জল আমার বরাবরই প্রিয়। আর যখনই বুঝি এ তোমারই চোখের জল, আমি বুক ভরে পান করি না পাওয়া প্রণয়।
                 
প্রণয়, আহা
কত ভাবে খুঁজে ফিরি, কত ভাবে ডাকি
বৃথা যায় এবেলা, ওবেলাতে ফাঁকি

তবু, বারবার বাইরে যাই। বেইলি রোড পার হয়ে প্রায় হয়ে যাওয়া ফ্লাইওভারে দ্বিধাহীন দাঁড়াই
তারাবির শব্দ কানে এলে অযথাই পকেট হাতড়াই। মোবাইল যন্ত্রটি বড়ই অপ্রাসঙ্গিক এখন

এবং জানি, কোনো পথ খোলা নেই আর
তোমার কাছে পৌঁছার
ভ্রূন হয়ে বেড়ে উঠা ছাড়া তোমারই ভিতর।

এ বড় বেদনার দিন, তুমিহীন, বিষন্ন সকাল। বৃষ্টিজলে ধুয়ে যায় প্রসূনের কাল

২৯.০৫.২০১৭

Tuesday, May 23, 2017

শান্তিচুক্তি



নির্জনতা যেন শান্তি পতাকা, পতপত উড়ছে হাওয়ায়
যথারীতি গেঁথে গিয়ে বুকের জমিনে।
এ রক্তপাত দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয় নয়

নিঃসঙ্গতা ভেজা মৃত্তিকার মত স্যাঁতস্যাঁতে
তোমার পায়ের দাগ বসে গেছে
আমি বিজন পথ, উবু হয়ে আছি বিপথে

২২.০৫.২০১৭

Wednesday, May 10, 2017

জীবন



পাশের ঘর থেকে ভেসে আসে হাসি
ওখানেই জীবন
আমিও থাকি, জীবনের কাছাকাছি

১০.০৫.২০১৭

Friday, April 28, 2017

নারী ও নক্ষত্রবিষ


প্রেম কি ঠিক বুঝি না, ভালবাসাও না। আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে দেয়ার লোভে কত রাত নির্ঘুম
কেটেছে
যে ফুলে কাঁটা ছিল তাকে স্পর্শের সাহস না থাকার মানে এই নয় যে
দৃষ্টিতে উন্মাদনা ছিল না, বরং এতেই  পুড়ে শীতল হয়েছে ভরদুপুরের রোদ, আর আমরা
           ‘অন্যরকম ভালবাসার হীরের গয়না শরীরে নিয়ে’ আজও ঘুরে বেড়াচ্ছি
                        নারী ও নদী, নারী ও নগরী, নারী ও নক্ষত্র
দূর থেকে দূরে- দূরে- আরও দূরে। নারী কি নক্ষত্র তবে?

নক্ষত্রবিষে পুড়ে যায় দেহ
ভালবাসা পাই বা নাপাই, ছুটে যাই...

২৯.০৪.২০১৭

Monday, April 17, 2017

দূরত্ব



বাইজেন্টাইন শহরে ছটফটায় এক নিবিড় প্রজাপতি
আমি তার স্পর্শের জন্য কাঁদি

১৬.০৪.২০১৭

ঢোক



কত বার ঢোক গিলেছি
নাকি থুতু, নাকি জীবন
অথবা মরণ

নতুন করে শুরু করবার জন্য গিলেছি
মরে না যেতে পারার জন্য গিলেছি
আপস, কত আপস
অপমান, কত অক্ষমতা
সইবার জন্যে গিলেছি
বইবার জন্যে গিলেছি

এবং
গিলছি...

কণ্ঠ ফুল ফোটার আগেই কণ্ঠকে খেতে শিখে
আকন্ঠ ডুবে আছি পৃথিবীর আঠাল জঠরে