Monday, July 25, 2011

কবি ও মাছরাঙ্গার গল্প

(বন্ধু সোহেইল মুশফিক এর কবিতার উত্তরে)


এই ভয়ংকর পুঁজিবাদী যুগে
কবিতাও হয়ে গেছে পন্য, কবিরা
হৃদয়ের কপাট বন্ধ রেখে খেলে মস্তিষ্কের সাপলুডু।
নপুংশক রাতে সুবর্ন রেখা একা বিছানায়
ভিজে যায় লেপের ওমে, কবি
ছিঁড়ে খুড়ে অন্তর্জাল করতলে জমা করে নষ্ট বুনোজল।


পুঁজির প্রতিপক্ষ অনিবার্য ভাবে পুঁজি বলেই
কবিতার প্রতিপক্ষ মাছরাঙ্গা হয় না কখনো।
ফরাসিয় মদ আর বঙ্গীয় দুধ এক হয়ে যায় বলেই
উলম্ব অভিলম্ব দলন আর কবির শিল্পিত ঢেঁকুরে
যোগেনের বউ হয়ে যায় বেহূলার ভেলা নিষ্পাপ ভোরে।
মশ্তিষ্কের সাপলুডু খেলা কবির তীক্ষ্ণ সর্পদন্তে
জ্ঞানতাপস শব্দেরা কাশবন ছেড়ে নির্ঘুম রাত কাটায় বাঁশবনে
জীবনানন্দের ‘কচি তালশাঁস’ হয়ে যায় লজ্জাবতী লতা।
পুঁজির প্রতিপক্ষ পুঁজি বলেই
পুঁজিতেই পুঁজির বিনাশ
কবিতার প্রতিপক্ষ মাছরাঙ্গা নয় বলেই
বেহূলার ভেলায় বসে
মাছরাঙ্গা খুঁজে ফেরে পরের গ্রাস।

০৯-০৭-২০১১

No comments:

Post a Comment