ভুলে যাও আমাকে মানুষ
আমার অক্ষমতা নিয়ে বড় বেশী বিপর্যস্ত আমি
ভুলে যাও আকাশ ভুলে যাও নদী
ভুলে যাও গাছ ভুলে যাও ঘাস
ভুলে যাও আমাকে বন্ধু
আমার নিস্পৃহতা নিয়ে বড় বেশী বিপর্যস্ত আমি
ভুলে যাও জোছনা ভুলে যাও বৃষ্টি
ভুলে যাও মাঠ ভুলে যাও ঘাট
ভুলে যাও আমাকে প্রেম
আমার অসহায়ত্ব নিয়ে বড় বেশী নির্জীব আমি
ভুলে যাও ভীরুতা ভুলে যাও কাপুরুষতা
ভুলে যাও স্পর্শ ভুলে যাও সুখ
ভুলে যাও আমাকে পিতা
ভুলে যাও ভাই ভুলে যাও বোন
ভুলে যাও স্ত্রী ভুলে যাও কন্যা
ভুলে যাও মৃত্তিকা ভুলে যাও নিলীমা।
এই পৃথিবীতে কোনো কিছুরই যোগ্য ছিলাম না আমি
অথবা কিছুই যোগ্য ছিল না আমার
সকল অক্ষমতার দায় কাঁধে নিয়ে
বরং আমিই সরে
যাই দূরে
পৃথিবীর ভিন্ন আলোয় যদি দেখা হয় কোনদিন আবার
আমাকে চিনো না কেউ।
No comments:
Post a Comment