ঘরের ভেতর কালো মেঘ
ঢুকে পড়েছে বলে
যেই তুমি হুট করে খিল এটে
দিলে, সেই থেকে
আমার এখানে বৃষ্টি
অঝোর বৃষ্টি
তোলপাড় ঝড়, আমার বিছানা
দুলে দুলে উঠছে
দুদ্দার শব্দে ভেঙ্গে
চুরমার হচ্ছে
জানালার কাঁচ
মেঝেতে পা রাখলেই
রক্তক্ষরণ।
তুমি কি খাটের কোনে জড়সড়
হয়ে আছ বৃষ্টি ভয়ে
নাকি ঝড়ো হাওয়ায় উড়ে যেতে
দিচ্ছ তোমার রাত্রিবাস
তোমার কি মনে পড়ে যাচ্ছে ডাল লেকের ভাসমান কটেজ ?
আমি বালিশ আঁকড়ে বসে থাকি
বৃষ্টি থামেনা
ভোরের কুয়াশা জড়িয়ে
বৃষ্টি-ক্লান্ত তুমি কি এখনও ঘুমাও
আড়মোড়া ভেঙ্গে (শুভ সকাল)
তুমি কি শরীরে জড়াও সোনালি রোদ
আমার এখানে বৃষ্টি থামেই না, তবু
আমি কিছুতেই বৃষ্টি দেখতে
পাচ্ছি না
আমার দুচোখ আড়াল করে
রেখেছে তোমার বৃষ্টি-স্নাত নাকি বৃষ্টি-ভীত শরীর
২৬.১০.২০১৩
No comments:
Post a Comment