Friday, November 22, 2013

এইভাবে বাঁচা

এইভাবে যে বাঁচে তারও বাঁচার অধিকার থাকে
বেঁচে থাকা যে সব সময় বেঁচে থাকার মতই হবে
তারও মানে নেই কোনো।
বেঁচে থাকা মানে যেমন তেমন-
চলন্ত বাসের হাতল ধরে ঝুলে থাকাও হতে পারে
হতে পারে মার্সিডিস বেঞ্জ এ চড়ে লং ড্রাইভ
হতে পারে ‘এখানে প্রস্রাব করিবেন না’ জাতীয় এলাকা
নাক চেপে পাড় হওয়া।

তবু বাঁচে, যে যার মত বাঁচে
বেঁচে থাকাটাই সার
বেঁচে থাকার জন্যে তোলপাড়

বার বছর বয়সে ট্যাকপাড়া থেকে র‍্যাশনের চাল আনতে গিয়ে
আধা মনের যে মুট তুলে নিতে হয়েছিল মাথায়
হউক সে কুলি না পাওয়া বা আমার বুদ্ধিহীনতা
আসল ব্যাপার এই যে আধা মনের সেই মুট আমি
কিছুতেই বইতে পারছিলাম না
আমার মাথা নুয়ে পড়ছিল ঘাড় বেঁকে যাচ্ছিল
তবু মাথা থেকে নামিয়ে বিকল্প কিছু ভাবতেই পারিনি

চল্লিশ বছর এমন কিছু নয়
এমন নয় যে পিঠ বেঁকে যাবে, আড়ষ্ট হয়ে যাবে ঠোঁট
এমন নয় যে চলতে চলতে এখনই ক্লান্ত হয়ে যাবে পা
এমন তো নয়ই যে জিরোতে বসে
আর কিছুতেই উঠতে ইচ্ছে করবে না জীবনের
এমনও নয় যে নাক চেপে পাড় হতে হয়
মার্সিডিস এ না হলেও
এমন নয় যে বাসের হাতল ধরে ঝুলে আছি

তবু মাঝে মাঝে কি ভীষণ ভারী কিছু চেপে বসে
যেন বার বছর বয়সের সেই মুট এখনও বয়ে বেড়াচ্ছি আমি
আমার মাথা নুয়ে পড়েছে, ঘাড়ের রগ ফুলে উঠেছে
পিঠ বেঁকে যাচ্ছে।



No comments:

Post a Comment