Monday, December 23, 2013

শামুক

দাউ দাউ করে জ্বলে আগুন বাসে
তবু আমার ভেতরে জ্বলে না আগুন কোনো
আমি ঘোর অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকি
আমাকে জাগায় না কোনো লেলিহান শিখা
আমাকে জাগায় না কোনো ঝলসানো মুখ
আমাকে জাগায় না এমনকি
        বাংলাদেশের পুড়ে যাওয়া বুক।

যেন আমি নিজেই পুড়ে অঙ্গার
যেন আমার বোধের কড়ায় তালা মেরে
কোনো পাষণ্ড হয়েছে পগারপার

এমন কোনো মিছিল নেই যেখানে আমি গিয়ে স্লোগান ধরতে পারি
এমন কোন সমাবেশ নেই যেখানে আমি গিয়ে বক্তৃতা দিতে পারি
এমন কোন রাজনীতি নেই যেখানে গিয়ে আমি নীতিবোধ জাগাতে পারি

আমি জানি এখানে নীতির নামেই হয় সবচেয়ে বেশী নীতিহীনতা
আমি জানি এখানে ধর্মের নামেই হয় সবচেয়ে বেশী বর্বরতা
আমি জানি এখানে শিক্ষার নামে আশিক্ষাই দাপিয়ে বেড়ায় সর্বত্র

আমার স্বপ্নরা এখন আর জেগে উঠে না মাঝরাতে
বিপ্লব নামে যে শব্দ আমি শিখেছিলাম ছোটবেলায়
সেটি প্লাবিত হয়ে গেছে, প্লাবন শেষ হলে সেখানে জমেছে আবর্জনা।

আবর্জনা গায়ে না মেখে অথবা মেখেও কিছু মানুষ
এখনো তোলপাড় তোলে
মিছিলে যায়, ফেস বুকে স্ট্যাটাস দেয়
আবর্জনা গায়ে না মেখে অথবা মেখেও কিছু মানুষ এখনো
গান গায়, কবিতা লেখে জেগে উঠবার  
এখনো কলাম লেখে পত্রিকায়
গভীর রাতে টক শোতে তোলে ঝড়, পেছনে ফেলে কামনা তাড়িত ঘর।


যদিও জানি সবই আত্ব-তন্ত্রের ফেউ
তবু
আমার মত শামুক তো হয়ে যায়নি কেউ!!



১২.১০.২০১৩

No comments:

Post a Comment