Sunday, May 4, 2014

একটি ভূতপূর্ব প্রেমের গল্প

একটা খবর আমাকে বিচলিত করেছে, কিংবা বলা যায় আমাকে আশ্বস্তও করেছে
খবরটি নিছকই একটা খবর আমার কাছে। তবু খবরটি আমাকে আন্দোলিত করেছে
আমি বিচলিত থেকেছি বিশ্বাস ও অবিশ্বাসের টানাপোড়েনে। আমি বিচলিত থেকেছি
পাওয়া ও না পাওয়ার হিসেব নিকেশে। আমি বিচলিত থেকেছি পৌরুষ ও অপৌরুষের
জয় ও পরাজয়ে, আমি বিচলিত থেকেছি যুক্তি ও যুদ্ধে, বিচলিত থেকেছি প্রেমে ও কামে

এই ঘটনায় তার মাথায় আকাশ ভেঙ্গে পরেনি আমি নিশ্চিত, কেননা এখন থেকে একযুগ
আগে, কোনো এক কোজাগরী পূর্নিমায় আজিমপুরের মাঠে ছালবাকল সহ একটা আস্ত আকাশ 
তার মাথায় ভেঙ্গে পরেছিল আমার চোখের সামনে। আমার দিকে মৃদু হেসে সে যথারীতি 
আকাশকে লকেট বানিয়ে ঝুলিয়ে রেখেছিল তার গলায়। আমি বিচলিত ছিলাম সেদিনও।

সে ছিল একান্তই তার মত, অবিচল। যেন ওই বয়সেও তার জানা ছিল স্বয়ং বিধাতাও 
কুতকুত খেলতে গিয়ে মাঝে মাঝে ভুল ঘরে চারা ফেলে দেয়। তাই বলে খেলা ফিরিয়ে 
নেয়া কোনো কাজের কথা না। ভুল মানে ভুল, বিধাতার জন্যে হয়তো খেলা। তবু ভালবাসা 
নিয়ে জুয়া খেলাটা চালিয়ে যাওয়াই তার জন্যে যুতসই ছিল। অতঃপর তার গন্ধ মুছে 
ফেলতে রাতভর আমি ডুবে ডুবে স্নান করেছি পুর্নিমায়।

এতদিন পর আমি আবার বিচলিত হয়েছি। বিচলিত হয়েছি প্রেমে ও অপ্রেমে
বিচলিত হয়েছি বিশ্বাস ও অবিশ্বাসে। বিচলিত হয়েছি শঙ্কা ও প্রত্যাশায়
বিচলিত হয়েছি আশায় ও ভালবাসায়
৩০.০৪.২০১৪


1 comment:

  1. এই ঘটনায় তার মাথায় আকাশ ভেঙ্গে পরেনি আমি নিশ্চিত, কেননা এখন থেকে একযুগ
    আগে, কোনো এক কোজাগরী পূর্নিমায় আজিমপুরের মাঠে ছালবাকল সহ একটা আস্ত আকাশ
    তার মাথায় ভেঙ্গে পরেছিল আমার চোখের সামনে। আমার দিকে মৃদু হেসে সে যথারীতি
    আকাশকে লকেট বানিয়ে ঝুলিয়ে রেখেছিল তার গলায়। আমি বিচলিত ছিলাম সেদিনও।


    যেন ওই বয়সেও তার জানা ছিল স্বয়ং বিধাতাও
    কুতকুত খেলতে গিয়ে মাঝে মাঝে ভুল ঘরে চারা ফেলে দেয়।

    অতঃপর তার গন্ধ মুছে
    ফেলতে রাতভর আমি ডুবে ডুবে স্নান করেছি পুর্নিমায়।


    অসাধারণ ভাব-ব্যাপ্তি ও উপমান-উপমিতে সরগরম কবিতা ।

    ReplyDelete