আমার মা যে নরকে যাবেন আশপাশে কান পাতলে
সেটা সহজেই বোঝা যায়। কালো অক্ষরের হিংস্রতা
আমাকে ভয় ধরিয়ে দিয়েছে সেই বালক বয়সে, তাই
আর সবার মত আমিও এখন
কানকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মানি।
ধর্মাবতার, কারো বিরুদ্ধে অভিযোগ করার মত দুঃসাহস
আমার ছিল না কোনো কালেই। ইশ্বরের নামে এই যে
উন্মত্ততা চারদিকে, তীব্র আলোর দিকে ছুটে যাওয়া
ঘাসফড়িং এর এই যে অহেতুক লুটিয়ে পড়া
এ সবকেই আমি স্বাভাবিক বলে মানি, এবং
প্রতিরাতে আমি রিহার্সেল করি কিকরে নির্ভুলভাবে
নরকের দ্বাররক্ষককে কুর্নিশ করা যায়।
এই জন্মে না হলেও পরের জন্মে আমি
তোমার বুকেই ঘুমাতে চাই মা।
তোমার বুকে কি কখনো নরক ছুঁতে পারে
২২.১০.২০১৪
সিলেট
No comments:
Post a Comment