Monday, December 11, 2017

ভুলভুলাইয়া



রোজ জন্ম হয় মৃত্যুর
তারপরও যারা বাঁচেন তাদের সালাম

এই সালামের ও প্রকার আছে
এই সালাম লাল হয়, নীল হয়
হলুদ হয়, সবুজ হয়
আবার সাদাও হয়

যার যেভাবে প্রাপ্য সেভাবেই নিন সালাম
যিনি মরতে মরতে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাতে
তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন, অনিচ্ছায় হলেও
তিনিও সালাম প্রাপ্য

তারপর আপনি, যিনি রাজপথ দাবড়ে বেড়াচ্ছেন
আপনি যিনি রাজনীতি করছেন
আপনি যিনি সাহিত্য করছেন
আপনি যিনি ফেসবুকিং করছেন
আপনি যিনি মানবিক প্রতিবাদ করছেন
আপনি যিনি ঠিকঠাক খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন
ঠিকঠাক সংসার করছেন
আবার আপনিও যিনি ঠিকঠাক খাচ্ছেন না
দাচ্ছেন না ঘুমাচ্ছেন না সংসারও করছেন না

আপনিও যিনি মরতে মরতে বাধ্য হচ্ছেন অন্যায় বাঁচা-তে
আপনিও শেষ অবধি যিনি পশুত্বকে দমাতে পারছেন না
আপনাদের সকলেরই সালাম প্রাপ্য
প্রকার অনুযায়ী আপনার সালাম গ্রহণ করুন

কারণ আমি জানি আপনাদের প্রতিবাদ মূলত
ঈশ্বরেরই বিরুদ্ধে

তবে কি ঈশ্বরেরই আরেক নাম মৃত্যু?

আমি এই ভুলভুলাইয়ায় হতভম্ব
উবু হয়ে খুঁটছি নিজেরই নখ

জ্বী মহাশয়? আমাকে কিছু বলছেন?

১০.১২.২০১৭

নিজেকে নিয়ে আর ভাবি না

নিজেকে নিয়ে আর ভাবি না
যে যা বলে মেনে নেই, হিপোক্রাসি তো পুরোনো বদনাম
খুব ছোটবেলায় বড়ভাই একশ টাকা দিয়ে লালু’র দোকানে পাঠিয়েছিল
যত ইচ্ছা মিষ্টি খেতে, অতবড় টাকা ভাঙ্গানোর সাহস করতে পারিনি বলে
আস্ত টাকাই ফিরিয়ে এনেছিলাম, ভাইতো হেসেই খুন

সেদিনই আমার ক্ষুদ্রতার প্রমাণ হয়ে গেছে, তার পর থেকে
কেবলই ক্ষুদ্রতর হতে থেকেছি, আর ভুলতে থেকেছি নিজেই নিজেকে
যা কিছু আমি চাই তাও ভুলতে থাকি, যা কিছু পাই তাও ভুলে যাই
যা কিছু আমি পড়ি ভুলে যাই, যা কিছু লিখি ভুলে যাই
ভুলতে ভুলতে, শহিদের দোকানের টুলে বসে থাকতে থাকতে
অন্ধকারে ভেজা ঘাসে শুয়ে থাকতে থাকতে কখন যে নিজেই হয়ে গেছি ঘাস
কিংবা শহিদের দোকানের খালি টুল!!

রোদের জন্ম নিবন্ধন আনতে গেলে
ঘুষের মহাযজ্ঞে আমার অগোচরে বেড়ে উঠা বিদ্রোহগুলোও
হতবিহ্বল হয়ে পড়ে, লজ্জায় পারলে আরো কিছু বেশি ঘুষ দিয়ে
নিজেকে অনু থেকে পরমানু করে সার্টিফিকেট হাতে আমি
বন্ধ দরজার ফাঁক গলে বেরিয়ে যাই
অতঃপর আইনানুগ ঠিকঠাক জন্ম হয় রোদের

প্রেম সংক্রান্ত আমার গল্পগুলোও অবান্তর, নিপুণ কার্বন পেপারের মত
বুকে জমে থাকা কিছু হিজিবিজি প্রমাণ করে আমি
পাশাপাশি দুই পৃষ্ঠার অবিকল বাহন হতে পারি মাত্র। সত্যপুরান এই যে
একলব্য কেবল দ্রৌপদীর প্রেমবিষয়ক সত্যাসত্য জাগিয়ে তুলেছিলেন

মূলত রোদের পিতৃত্ব ছাড়া আমার আর কোনো গর্ব নেই
শীতের সকালে আমি বসে থাকি এই আশায় যে
রোদ এসে আমার উদোম পিঠে বিলি কেটে দেবে।

২৮.১১.২০১৭

কাটিয়ে দে, ব্যস



ধর একটা জীবন এমনি কেটে গেল
অনেক চেষ্টা করেও জন্ম গন্ধ মনে করা গেল না
অনেক ভেবেও ভাবনার শেষ হল না
অনেক ছুঁয়েও শেষমেশ মনে হল
সকাল বেলার হাওয়াটা ভীষণ কনকনে ছিল রে

ঘরের টানা বারান্দার পাশে দাঁড়ানো আতাফল গাছটায়
একটা আতাফলে খুব নজর ছিল তোর
শেষমেশ তোর সামনেই সেটাও বেদখল হয়ে গেল তো?
আহা, ছেড়ে দেনা বাপ, কি আর এমন

সেদিন সবার মধ্যে তোর হাসিমুখের ছবিতে
কেউ কেউ বিষাদ খুঁজে পাচ্ছে? পাক না
দেখ দেখ বি্লিম্বি গাছটায় কত বিলিম্বি, দেখ
ইশ কি গায়ের রঙ, একটু ছুঁয়ে দেখি!!
তুই কিন্তু পাগল ও আছিস একটু, বিলিম্বির আবার গায়ের রঙ…!!
তবে যাই বলিস, ডালের সাথে টক স্বাদ টা কিন্তু বেশ লাগে

আরে কি বলিসদেয়াল ভেঙ্গে ফেলবি? গাঁথুনি ঠিক হয়নি?
বোকা নাকি রে তুই, বেশি বালি খাইয়ে প্লাস্টার মেরে দিতে বল
তারপর বাহারি পেইন্ট করে ফেইসবুকে ছবি দিয়ে দে
লোকে হিংসে করবে... হিংসে...। দেখিস

তুই কিন্তু অনেক ব্যাকডেটেড আছিস বাপু
এতো ভালবাসা প্রেম ট্রেম নিয়ে ভাবলে চলে? শোন
ঘুমানোর আগে ঘরে একটু বিদেশী পারফিউম টারফিউম
মেরে নিস, কিংবা আরবি আতর।
ভালবাসা বানাতে হয় বুঝলি, বানাতে হয়

তো ধর, এই করতে করতেই একদিন টুক করে মরে গেলি
কি আসে যায় বল তোর কবরে কেউ বকুল গাছ লাগাল
কি লাগালো না ভেবে, কবরের হাওয়ায় যদি চুড়ির রিনিঝিনি
নাও বাজে কোনোদিন। কি আসে যায় বল

এটাই জীবন বুঝলি, কাটিয়ে দে, ব্যস

২৩.১১.২০১৭

আমি ও তিনি, মুখোমুখি



তিনি উল্টো হাঁটছিলেন, রাস্তার সংযোগস্থলে আমি
ভয় পাচ্ছিলাম, তিনি আমায় দেখছেন তো?
তিনি আলগোছে আমায় পেরিয়ে গেলেন, মুখোমুখি
তিনি মিটিমিটি হাসছিলেন, মুখোমুখি
রাস্তার জঞ্জালগুলো তিনি দেখছেন না, পেরিয়ে যাচ্ছেন
তিনি আমায় পেরিয়ে যাচ্ছেন, অনেক দূর
তিনি পিছিয়ে যাচ্ছেন, অনেক দূর

আমি কি এগিয়ে যাব তবে?

২১.১১.২০১৭

রোদের বাড়ি



এই বিভ্রান্ত শহরে রোদের জন্য একটা বাড়ি চাই
বছর বছর এঘর ওঘর, এ উঠোনে নতুন দালান তো দখিনের
বারান্দাটাও বন্ধ, স্কুলের সামনের আশি কাঠা ফাঁকা জায়গাটা
কিনে নিয়েছে ডেভলপার, ওখানে কন্ডোমোনিয়াম হবে
ছাদের ওপর পুকুর, কাহাতক ভাল্লাগে বল ছাদের জলে
রোদের ঝিকিমিকি? তার ওপর রোদের ঘরগুলো
দখল করে নিচ্ছে সব স্কাইস্ক্র্যাপার। এই শহরে
রোদের জন্য একটা বাড়ি চাই। আলাদা বাড়ি

এই হতচ্ছাড়া শহরে ‘স্কয়ার ফিট’এ খুঁজি রোদের বাড়ি