ধর একটা জীবন এমনি কেটে গেল
অনেক চেষ্টা করেও জন্ম গন্ধ মনে করা গেল না
অনেক ভেবেও ভাবনার শেষ হল না
অনেক ছুঁয়েও শেষমেশ মনে হল
সকাল বেলার হাওয়াটা ভীষণ কনকনে ছিল রে
ঘরের টানা বারান্দার পাশে দাঁড়ানো আতাফল গাছটায়
একটা আতাফলে খুব নজর ছিল তোর
শেষমেশ তোর সামনেই সেটাও বেদখল হয়ে গেল তো?
আহা, ছেড়ে দেনা বাপ, কি আর এমন
সেদিন সবার মধ্যে তোর হাসিমুখের ছবিতে
কেউ কেউ বিষাদ খুঁজে পাচ্ছে? পাক না
দেখ দেখ বি্লিম্বি গাছটায় কত বিলিম্বি, দেখ
ইশ কি গায়ের রঙ, একটু ছুঁয়ে দেখি!!
তুই কিন্তু পাগল ও আছিস একটু, বিলিম্বির আবার গায়ের রঙ…!!
তবে যাই বলিস, ডালের সাথে টক স্বাদ টা কিন্তু বেশ লাগে
আরে কি বলিস…দেয়াল ভেঙ্গে ফেলবি? গাঁথুনি ঠিক হয়নি?
বোকা নাকি রে তুই, বেশি বালি খাইয়ে প্লাস্টার মেরে দিতে বল
তারপর বাহারি পেইন্ট করে ফেইসবুকে ছবি দিয়ে দে
লোকে হিংসে করবে... হিংসে...। দেখিস
তুই কিন্তু অনেক ব্যাকডেটেড আছিস বাপু
এতো ভালবাসা প্রেম ট্রেম নিয়ে ভাবলে চলে? শোন
ঘুমানোর আগে ঘরে একটু বিদেশী পারফিউম টারফিউম
মেরে নিস, কিংবা আরবি আতর।
ভালবাসা বানাতে হয় বুঝলি, বানাতে হয়
তো ধর,
এই করতে করতেই একদিন টুক করে মরে গেলি
কি আসে যায় বল তোর কবরে কেউ বকুল গাছ লাগাল
কি লাগালো না ভেবে, কবরের হাওয়ায় যদি চুড়ির রিনিঝিনি
নাও বাজে কোনোদিন। কি আসে যায় বল
এটাই জীবন বুঝলি, কাটিয়ে দে, ব্যস
২৩.১১.২০১৭
No comments:
Post a Comment