Saturday, June 9, 2018

রাত বাড়লেই অচেনা হয়ে যায় হলুদ সন্ধ্যা


আমাদের চিনে বাদামের বিকেলগুলো আনমনে জড়িয়ে রাখত
সন্ধ্যার শরীর। সন্ধ্যাগুলো লেপ্টে থাকত সবুজ ঘাসে

সন্ধ্যা এমন গুরুত্বপূর্ণ ছিল
আমাদের শৈশবের হলুদাভ বসবাসে

যদিও সন্ধ্যা মানে চাপকলের শব্দ, মুখস্তের কলকল
তবু সন্ধ্যা মানে তোমাকে ছুঁয়ে দেখার ছল
সন্ধ্যা মানে কবিতায় হাঁটাহাঁটি, জোছনায় ডুবাডুবি
শিশিরের জল। সন্ধ্যা মানেই চাঁদের দেশে তুমি অবিকল

তোমার এসবের কিছুই মনে নেই, শুনেছি
তুমি এখন ভীষণ প্রেমময়, মৃত্যুর সমান বয়সী জীবন নিয়ে
কারো সংগোপন আশ্রয়। তুমি ঠিকই জানতে
এইসব শিশিরের শব্দ জোছনা সাঁতার অর্থহীন, বন্ধ্যা

রাত বাড়লেই অচেনা হয়ে যায় হলুদ সন্ধ্যা

১০.০৬.২০১৮

Monday, June 4, 2018

মাছ

এই প্রথম একটা মাছকে দেখে আমার হিংসা হল
                
ঘটনাটা খুলেই বলি তবে
একটা ছোটখাট পিচ্চি মাছ, হলোই না হয় সুন্দর
তুলতুলে, আরাম আরাম। নাহয় চাইলেই আপনি
হাড়শুদ্ধ চিবিয়ে খেতে পারেন আয়েশে

তাই বলে এইরকম মৃত একটা মাংসপিণ্ডের এত ঔদ্ধত্য?
আপনি যাকে প্রেমবশে ঠেসে রাখলেন শীতযন্ত্রে
সময় হলেই উল্লাসে মাতবেন ভোজতন্ত্রে
সে কিনা পুরো শীত-তন্ত্রকে অবজ্ঞা জানিয়ে
আপনাকে হতাশায় ভাসিয়ে
সামিল হল পচন তন্ত্রে?
কী দুঃসাহস! ভাবা যায়?

আর এদিকে আপনি একটা মেনিমুখো লাশ
দেশ জুড়ে রক্তস্রোতে ভাসতে থাকা সতেজ মাছ

০৪.০৬.২০১৮