আমাদের চিনে
বাদামের বিকেলগুলো আনমনে জড়িয়ে রাখত
সন্ধ্যার শরীর। সন্ধ্যাগুলো
লেপ্টে থাকত সবুজ ঘাসে
সন্ধ্যা এমন
গুরুত্বপূর্ণ ছিল
আমাদের শৈশবের
হলুদাভ বসবাসে
যদিও সন্ধ্যা
মানে চাপকলের শব্দ, মুখস্তের কলকল
তবু সন্ধ্যা মানে
তোমাকে ছুঁয়ে দেখার ছল
সন্ধ্যা মানে কবিতায়
হাঁটাহাঁটি, জোছনায় ডুবাডুবি
শিশিরের জল।
সন্ধ্যা মানেই চাঁদের দেশে তুমি অবিকল
তোমার এসবের
কিছুই মনে নেই, শুনেছি
তুমি এখন ভীষণ
প্রেমময়, মৃত্যুর সমান বয়সী জীবন নিয়ে
কারো সংগোপন
আশ্রয়। তুমি ঠিকই জানতে
এইসব শিশিরের
শব্দ জোছনা সাঁতার অর্থহীন, বন্ধ্যা
রাত বাড়লেই অচেনা
হয়ে যায় হলুদ সন্ধ্যা
১০.০৬.২০১৮
No comments:
Post a Comment