অনেকদিন পর সেদিন
বিকেলে বৃষ্টি এল
অনেকদিন পর সেদিন
শুক্রবার বিকেলে
দীর্ঘ প্রতীক্ষিত
বৃষ্টি এল।
হৃৎপিণ্ড লাফাতে লাফাতে
কণ্ঠনালি ঠেলে বের
হওয়ার আগে তাকে
কোনোমতে ঠেকানো গেল
তারপর স্মৃতিরা ভিজলো।
শূন্যতার কালিতে
লেখা একটা সাদা
চিঠি নৌকা হয়ে ভাসলো
হারানো কতগুলো বছর,
একটা শৈশব
আর কতগুলো শরৎকাল
ভিজলো
স্কুলপথে দাঁড়িয়ে
থাকা জামগাছটা ভিজলো
কার্নিশে লুকানো
একটা বোকা কাক ভিজলো
ভিজতে ভিজতে
ভাসতে ভাসতে
প্রায় দাঁড়িয়ে
যাওয়া একটা জীবন ধ্বসে গেল জলে
রুপালি মাছেরা
তখনো স্বপ্ন দেখে, কানাকানি করে
জলের অতলে
২৬.০৭.২০১৮