Wednesday, August 29, 2018

কেবল আমি হইলাম না


আজকে ঠিকঠাক ভোর হইল, কেবল আমি হইলাম না

একটা সরল সোজাসাপটা রোদ আমাকে পার হইয়া আমার চেয়ার দখলে লইল। পাশের টেলিভিশন চ্যানেলের মালিকের বাড়ির লনে কুত্তাগুলা আগের তুলনায় বেশি ঘেউ ঘেউ করিল। পৃথিবী তার খোলস পাল্টানোর আশায় এক দঙ্গল দেবশিশু রাস্তায় নামিয়ে হোলিখেলার আয়োজন করল। বলাই বাহুল্য রক্তের রঙ লাল, তাকে সবুজে পরিণত করার চেষ্টার পরিনতি অন্ধকার।
আমি অন্ধকার হাতড়ে একটা হিজল গাছের তলায় মানুষের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু  কীট, মানুষ, পতঙ্গ, পাখি কিংবা পশু কাউকেই আলাদা করতে পারি না, এমনকি তারাও আমাকে একইরকম অবহেলায় ফেলে যাচ্ছে।
একটা মোহময়ী হিজল গাছের মোহে আমি আটকা পড়ে আছি আধো অন্ধকারে

প্রতিদিন ঠিকঠাক ভোর হয়। কেবল আমি হই না
পৃথিবীর নির্লজ্জ পাটাতনে আমারই মাথা কেবল কেবল হেঁট হয়ে থাকে

ও জল, আমার শুশ্রূষা চাই

২৯.০৮.২০১৮

Sunday, August 19, 2018

বাসতে বাসতে বাসি করে ফেলি


তোমাকেই বাসি। বাসতে বাসতে বাসি করে ফেলি। তবু তোমাকেই বাসি। তোমাতেই যাই, যাইতে যাইতে আর কোথাও যাওয়ার নাই। তবু তোমাতেই যাই। তোমাকেই খাই, খাইতে খাইতে কিছু বাকি রাখি নাই, তবু তোমাকেই চাই। চাইতে চাইতে, অকস্মাৎ পথের ঘাসফুল বনে যাই, পদচুম্বনে গলে যদিওবা যাই তবু তোমাকে পাই, বারে বারে পাই, মনে ভয় নাজানি হারাই।

শুধু তোমাতেই বাসি, বাসতে বাসতে বাসি করে ফেলি

১২.০৮.২০১৮

সর্বশান্ত কবিতা

কী যে কথা ছিল কিছুই মনে পড়েনা
কিংবা কিছুই ছিল না কথা, ভোর
তার নিয়মেই ভোর। হঠাৎ কী যেন
কী যেন দুলতে থাকলে মনে
লিখে রাখি সর্বশান্ত কবিতাদের তোর।

তবে কী হয়? সারে কি জীবনের ক্ষত?
একলা হাওয়ায় উড়ে নির্বাক রঙধনু যত
গড়াতে গড়াতে জড়িয়ে গেলে
তাড়াতে তাড়াতে ছাড়াতে হয়
চলতে চলতে ছিটকে পড়া, এইসব অপার বিস্ময়!

দৃশ্যরা হেঁটে যায়, মানুষেরা স্থির
জীবন কাটিয়া যায়, জীবন অধীর

১৬.০৮.১৮