Wednesday, October 30, 2019

জীবন একটা কবিতার চেয়ে বড় কিছু নয়


কেউ কি জানে সে কী চায়? আমিও কি জানি?
তোমাকে মুহূর্তের জন্য ভুলে গেলে কেমন শিহরন দিয়ে
জেগে উঠি। একটা প্রতিমা সাজিয়েছি জীবনভর
নিজেরই হৃৎপিণ্ড তাতে সেঁধিয়ে দিয়ে
শূন্যতায় কান পেতে শুনি তারই ধুকপুক

নিজেকে অতৃপ্ত ভেবে খুঁজি তোমাতেই তৃপ্তি
কোথায় তুমি? তোমার নামে জ্যোৎস্নাকে করি অনাবৃত
হাঁটতে হাঁটতে সেই পুরোনো জাম গাছের নিচে
কুড়িয়ে খাই অর্ধেক খাওয়া জাম। কোথায় তুমি?
তোমার নামে ভিজি বৃষ্টিতে, ভিজি সৃষ্টিতে
নিজেকে দাঁড় করিয়ে রেখে শরীরের বাইরে
সেঁধিয়ে যাই আরেক শরীরে। কোথায় তুমি?
রাস্তায়, স্কুলের গেটে, সিঁড়ির ল্যান্ডিং এ
তোমার স্মিত হাসি, তবু মেলে না

এত যে তোমাকে খুঁজি, সে তুমি কোথাও নাই
কী বিস্ময়! স্ত্রী পাশ ফিরে শুয়ে থাকে
মেয়েরা বড় হতে হতে দূরে সরে যায়
আমি কবিতার টেবিলে, পৃথিবীর ডানা হতে থাকে ক্ষয়

জীবন একটা কবিতার চেয়ে বড় কিছু নয়

২০.১০.১৯

No comments:

Post a Comment