কথা হচ্ছিল দায় নিয়ে,
যখন বদ্ধতা
আমাদের ছিবড়ে খাচ্ছিল। আমাদের
মধ্যে সবচেয়ে মেধাবী
ছাত্র ছিল যে, তাঁকে
আমরা ‘বদ্ধ উন্মাদ’ বলে ডাকতাম।
এই বদ্ধতা কতটা বদ্ধ আমাদের
ঠিক জানা ছিল না
যদিও উন্মাদের মানে আমরা
জানতাম।
আজকে বদ্ধতার অর্থও আমরা
জানি, যেমন অনেকেই
মুক্তির অর্থ জানে। সব
অর্থের আবার একরকম অর্থও
হয় না। যেমন মিশেল ফুকো,
আপনি অর্থ হয়না জেনেও
কী অবলীলায় বললেন
‘উন্মাদনা হলো কার্যের অনুপস্থিতি’
লেখকের দায় নিয়ে আমাদের
আলাপ চারিত হল
কিন্তু বাঁধা গেল না।
শেষমেশ কার্যের উপস্থিতি কামনা করে
আমাদের উন্মাদনা রহিত হল
কিনা, তাও ঠিক বোঝা গেল না
০১.০৪.২০২০
No comments:
Post a Comment