Monday, January 18, 2021

দ্রোহ

আমরা কেউ ভালো নই কেউ যৌক্তিক নই
কেবল একটা বিভ্রম আমাদের চারদিক ঘিরে
 
দ্রোহ কমে গেলে শেষমেশ সবাই
একটা সুতার দিকে নতজানু হই সেই সুতাও
আদতে এক এবং একা।। মানুষ হিশেবে প্রাণি হিশেবে ঈশ্বর হিশেবে
আমরাও, তারাও, তিনিও। এক এবং একা
 
আমরা সবাই আমাদেরই মত কেবল
নিজেরই জন্যে ভাংছি, গড়ছি, হাসছি খেলছি যুদ্ধ করছি
কিছুকে ভালো বলছি তো কিছুকে মন্দ, যুক্তি দিচ্ছি, কুযুক্তি দিচ্ছি
এই সবই ধার করা। কিংবা যদিও ভাবছি মৌলিক
এইসব আসলে গত শত কিংবা হাজার বছরের যৌগিকতারই ফল
 
আমাদের অক্ষমতার নাম দ্রোহ
আমাদের অক্ষমতার নাম ঈশ্বর
আমাদের অক্ষমতার নাম মৃত্যু।
 
সৌরজগতের ঐপারে নিজের জন্য বুকিং করা বাড়ির
চুক্তিপত্র বাতিল করে, অতঃপর বড়সর একটা কেক কিনে
আমি আমার আগামী জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছি
 
২৬.০১.২০২১

 

No comments:

Post a Comment