Saturday, October 24, 2020

ক্রোধ

সম্ভবত আমি নিজেকে চালাতে ব্যর্থ হচ্ছি, সহজেই
হারিয়ে ফেলছি নিজেরই অধিকার।
কালরাতে বন্ধুর পাঁচতারা হোটেলের মত বাড়ির সবুজ ঘাসে বসে থেকে
আকাশের একটা তারাও আমার পরিচিত মনে হয়নি
একটা মেঘও আমার জন্যে থামেনি এক মুহূর্ত। ঘূর্ণনরত
রীতিসিদ্ধ জল ছুঁতে গেলে আমার হাত সাড়া দেয়নি আমার ইচ্ছায়
 
আপনি সম্ভবত আমার ক্রোধের ব্যাপারটা বুঝতে পারছেন না,
ভুলতেও। আমি নিজেই বুঝতে পারছি না… আপনাকে আর কী বলি!
ইদানীং কোনো অপরাধবোধেও আর তাড়িত হই না। আসুন
পৃথিবীর সকল নীতিবাক্যের বই আমরা পুড়িয়ে ফেলি
 
অবিরাম বৃষ্টির মধ্যে, আমি, ভবিষ্যতহীন আমি
আমার রোমকূপ শক্ত হয়ে যাওয়া ক্রোধান্ধ হাত বাড়িয়ে রাখি
শীতলতার আশায়
 
মোল্লাবাড়ির ঘাটে গোছলের সময় আশ্চর্যজনক ভাবেই
আমরা আমাদের সময় থামিয়ে রাখতে পারতাম। মেরামতের জন্য
উল্টো করে রাখা নৌকায় শরীরের ভার ছেড়ে দিয়ে আমাদের সাথে
দাঁড়িয়ে থাকত শীতের দুপুর
 
হায় স্বেচ্ছাচারিতা!
 
কবিতার মত স্বেচ্ছাচারী জীবন আপনাকে ভাবিয়ে তুলছে না?
 
২২.১০.২০২০

1 comment:

  1. ক্রোধ!!!
    এটার বলার অপেক্ষা রাখে না যে, সব মানুষেরি কম বেশি ক্রোধ আছে তবে আপনার ক্রোধের কাছে হার মানতে হয়। মারাত্মক ক্রোধ!!!! কবিতা ও কবির ♥

    ReplyDelete