Wednesday, February 24, 2021

মুক্তি

ইদানীং বেশ ঝামেলা হচ্ছে
স্বপ্নে দেখা মানুষ আমি ঠিকঠাক চিনতে ভুল করছি
তোমাকে যে প্রশ্ন করছি কিংবা আমার কাতর
চোখের উত্তরে তুমি যা বলছ, সেটা ঠিক কে?
 
তুমি, সে, নাকি অন্য একজন, নাকি অন্য কেউ?
 
ইদানীং এত ভুল হচ্ছে! তোমার মধ্যে সবাই!
নাকি সবার মধ্যে তুমি?
 
মুক্তি বলতে তুমি যাই বোঝ, আমি বুঝি বিরাণ মরুভূমি
 
২৪.০২.২০২১
 

Tuesday, February 23, 2021

মত অমত

কী লিখব আমি? ঠিক কী বলতে চাই?
যা লিখি তারই বিরুদ্ধাচরণের জন্য দাঁড়িয়ে থাকি অন্য আমি
 
নিজেকে ক্ষমা করতে গেলে
মুঠোতে তোমার নরম লেগে থাকে, থাকেই
 
২৩.০২.২০২১

Monday, February 22, 2021

ক্ষত

ক্ষতের গল্প আপাতত বাদ রাখো। শুশ্রূষার গল্প
শুনি বরং। দূরবীক্ষণে দেখ নির্ভানা, দ্যাখো
কী নির্ভার তুমি আজ। ক্ষতের গল্প আজ থাক
 
উত্তরে কি বাতাস বয় এখনো? নাকি দক্ষিণে
নাকি এলোমেলো লাগে সবই?
 
 
১৪.০২.২০২১
 

Wednesday, February 10, 2021

বরফ কান্না

 (কৃতজ্ঞতাঃ কালো বরফ, মাহমুদুল হক)
 
 
বৌনাগাছের নিচে দাঁড়িয়ে, অস্থির আব্দুল খালেক
আপনি হু হু করে কেঁদে ফেললেন।
আমি কাঠবাদাম চিবাচ্ছিলাম রোদে বসে। আমারও হুট করে
কান্না পেয়ে গেল। আমি বকুল। আমারো কান্না পেয়ে গেল
 
আপনি আব্দুল খালেক, রোদেও চাঁদের আলো দেখেন
আপনার একটা গান মনে পড়ে, আপনার মা যেমন করে আপনাকে
কোলে নেয়ার কথা বলতেন। তারপর আপনি পৃথিবীর সব ক্ষমা করে দেন
 
আমি বকুল, ঝরে পড়ার পর থেকে আমি আর কারো কোলে উঠিনাই
আমি কিছুই ক্ষমা করি না, রোদে আমি আরো বেশি রোদ হয়ে যাই।
 
পৃথিবীর সব পঙ্কিলতা আমার গায়ে এসে জমা হয়। আমার কান্না থামে না
আপনি আব্দুল খালেক। আপনার কান্না থেমে যায়।
 
আমি কুঁকড়ে গিয়ে, হাঁটু মুড়ে ‘জন্মের’ মত অপেক্ষা করতে থাকি
আবার তোমার শরীরে সেঁধিয়ে যাব আশায়
 
০১.০২.২০২১

 

Saturday, February 6, 2021

হৃদয়ের অর্বুদ

দুঃখিত বলার সময় নয় সবসময়। আমার
সমস্ত অপরাধের দায় আমারই। দেয়ালের
অন্য পাশে আবলুস খাটে কে ঘুমায়
তাতে কী আসে যায়?
 
ফাঁসির রায় পেয়ে গেছি আমি কাল স্বপ্নে
আমাকে দূরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে
দূ   রে
  নে    দূ  রে
যেখান থেকে কেবল শব্দ শোনা যায়
কেবল অক্ষম শব্দ উচ্চারণ করা যায়
 
তবু আমি কিছুই উচ্চারণ করব না
আমি মার্জনা চাই না মহাশয়। কোথায়
আপনার ফাঁসির রজ্জু? আমি
নিজেই মহাশয় এই জন্মের। আমার
সমস্ত কর্মের দায় আমার।
 
আপনার শক্তির কাছে আমি পরাস্ত
এর চেয়ে বড় আর কোনো সত্য নাই।
 
আমার অক্ষমতাকে আমি ভালোবাসি
আমার অক্ষমতাকে আপনি ঝুলাতে পারেন
ফাঁসির কাষ্ঠে বা যেখানে খুশি। আমাকে নয়
মা
কে
   
 
শূন্যতায় আমি ছড়িয়ে থাকবো হৃদয়ের অর্বুদ হয়ে
 
০৭.০২.২০২১
 

আপনি। জাগলেন

তো আপনি জাগলেন, গলা খাঁকারি দিলেন
জমে থাকা কফ ফেললেন পাশের নর্দমায়

তো। আপনি। কেন
জাগলেন
গলা খাঁকারি দিলেন

আপনি
কফ
নর্দমা। আপনি। কেন
জাগলেন
 
২৫.১২.২০২০