Saturday, February 6, 2021

হৃদয়ের অর্বুদ

দুঃখিত বলার সময় নয় সবসময়। আমার
সমস্ত অপরাধের দায় আমারই। দেয়ালের
অন্য পাশে আবলুস খাটে কে ঘুমায়
তাতে কী আসে যায়?
 
ফাঁসির রায় পেয়ে গেছি আমি কাল স্বপ্নে
আমাকে দূরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে
দূ   রে
  নে    দূ  রে
যেখান থেকে কেবল শব্দ শোনা যায়
কেবল অক্ষম শব্দ উচ্চারণ করা যায়
 
তবু আমি কিছুই উচ্চারণ করব না
আমি মার্জনা চাই না মহাশয়। কোথায়
আপনার ফাঁসির রজ্জু? আমি
নিজেই মহাশয় এই জন্মের। আমার
সমস্ত কর্মের দায় আমার।
 
আপনার শক্তির কাছে আমি পরাস্ত
এর চেয়ে বড় আর কোনো সত্য নাই।
 
আমার অক্ষমতাকে আমি ভালোবাসি
আমার অক্ষমতাকে আপনি ঝুলাতে পারেন
ফাঁসির কাষ্ঠে বা যেখানে খুশি। আমাকে নয়
মা
কে
   
 
শূন্যতায় আমি ছড়িয়ে থাকবো হৃদয়ের অর্বুদ হয়ে
 
০৭.০২.২০২১
 

No comments:

Post a Comment