(কৃতজ্ঞতাঃ কালো বরফ, মাহমুদুল হক)
বৌনাগাছের নিচে দাঁড়িয়ে, অস্থির আব্দুল খালেক
আপনি হু হু করে কেঁদে ফেললেন।
আমি কাঠবাদাম চিবাচ্ছিলাম রোদে বসে। আমারও হুট করে
কান্না পেয়ে গেল। আমি বকুল। আমারো কান্না পেয়ে গেল
আপনি আব্দুল খালেক, রোদেও চাঁদের আলো দেখেন
আপনার একটা গান মনে পড়ে, আপনার মা যেমন করে আপনাকে
কোলে নেয়ার কথা বলতেন। তারপর আপনি পৃথিবীর সব ক্ষমা
করে দেন
আমি বকুল, ঝরে পড়ার পর থেকে আমি আর কারো কোলে উঠিনাই
আমি কিছুই ক্ষমা করি না, রোদে আমি আরো বেশি রোদ হয়ে
যাই।
পৃথিবীর সব পঙ্কিলতা আমার গায়ে এসে জমা হয়। আমার
কান্না থামে না
আপনি আব্দুল খালেক। আপনার কান্না থেমে যায়।
আমি কুঁকড়ে গিয়ে, হাঁটু মুড়ে ‘জন্মের’ মত অপেক্ষা
করতে থাকি
আবার তোমার শরীরে সেঁধিয়ে যাব আশায়
০১.০২.২০২১
No comments:
Post a Comment