Saturday, December 21, 2019

ধীরাশ্রম


তোমাকে ছাড়া আমি আর কিছুই জানি না
এইসব ধুলা, নীলিমা শরীরে মেখে, আমি
কেবল তোমার দিকেই যাই। আজ জন্মদিন তোমার

এই লাল সবুজে কী অপরূপ তুমি!
তোমার দিকেই আমার উদ্ বেলিত মার্চ পাস্ট
কিশোরকিশোরীর কুচকাওয়াজ।
হে ধীরাশ্রম
আমাকে আশ্রয় দাও তোমার সবুজে। রেল লাইনের  
পাশ ঘেঁষে আমি রেলেরই সমান্তরালে
সবুজ, সবুজ; আমাকে বিদ্ধ কর লালে

গোলাপ, রজনীগন্ধ্যা
গ্ল্যাডিওলাস, গ্ল্যাডিওলাস; আমি এনসাইক্লোপিডিয়া নই
আমি বিস্মৃতিপ্রবণ বালক। আমি ইতিহাস ভুলে গেছি
আমার ধারাপাত মনে নেই। তোমাকে রাঙাবো
এমন কোনো রঙও জানি না।
ভুলে গেছি মায়ের কবর, কোষানৌকাটা কোথায় ভিড়ে?
ভুল ঘাটে নামা কাদামাখামাখি আমাকে তুমি গ্রহণ করবে না?

তোমাকে জড়িয়ে থাকা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নেই


১৬.১২.২০১৯

No comments:

Post a Comment