Saturday, April 18, 2020

গল্প


আমার গল্প পড়ে আপনার ভালো না লাগলে আপনি আমাকে গল্প শেখাতে লাগলেন, তারপর সাদাত হোসাইনের বইয়ের পৃষ্ঠার ছবি পাঠালেন। আপনার পাঠানো পৃষ্ঠা আমার পছন্দ হলো না।
আপনি বললেন কী কঠিন সত্য তিনি অবলীলায় বলে দিচ্ছেন গল্পে। আমি বললাম আমি তো সত্যই জানি না। আমি তাঁর ভালো পাঠকও না। আপনি আমাকে তাঁর কবিতার কথাও বললেন, আমি বিনয়ে দূরে থাকলাম। আপনি আমাকে জীবনের পরতে পরতে কীভাবে গল্প লুকিয়ে থাকে জানালেন। আমি জীবন নিয়ে আমার অজ্ঞতার কথা আপনাকে জানালাম।
আমি মান্টো পড়ছিলাম। সাদাত হাসান মান্টো। প্রেম ভালোবাসা শরীর, এইসব নিয়ে আপনি কথা বলছিলেন। মান্টোর ‘ঠান্ডা গোশত’ পড়ে আমারও শরীর ঠান্ডা হয়ে আসছিল
আমি বললাম আমি কিছু জানি না। আমাকে মাফ করবেন, প্লিজ

১৫.০৪.২০২০

Tuesday, April 14, 2020

একজন প্রকৃত কবির পাগল বিষয়ক সতর্কতা


হ্যাঁ, আমার মত করে দাঁড়ান, অথবা
আপনি চাইলে আমি আপনার মত
তবে
ঠিক দূরত্বে

শান্তিনগর মোড়ে, বাজারের দিকে
পাহারায় ছিল একটা আর্মির গাড়ি, আর কিছু পুলিশ
একটা পাগল আঙুল উঁচিয়ে চিৎকার করে
চুদে যাচ্ছিল আর্মির মা-কে, পুলিশের মা-কে
আর লুঙ্গি উঁচিয়ে দেখাচ্ছিল পাশের কিছু সব্জি বিক্রেতা মা-কে
কেউই কিছু দেখছিল না, কেউ এই পৃথিবীর নয়

এক মিটার দূরত্ব রেখে, প্রায় অর্ধ-বৃত্তাকারে, আমি পাগলকে পার হয়ে গেলাম
ভাগ্যিস আমার মা বেঁচে নেই

হ্যাঁ প্রিয় ঈশ্বর, আমার মত করে দাঁড়ান
অথবা আমি আপনার মত করে
তবে
দূরত্ব ঠিক রেখে

এবং
এই দুঃসময়ে পাগলের চোখ এড়িয়ে চলাই যৌক্তিক হবে

০৪.০৪.২০২০

Wednesday, April 1, 2020

শব্দ


শব্দ বিষয়ে আমার সাথে সতর্ক হবেন আশা করি। শব্দ প্রায়ই আমাকে সারারাত জাগিয়ে রাখে তার বেদনা শোনাবে বলে। আমি কান পেতে তার বেদনা শুনি, আমি চোখ মেলে তার রক্তাক্ত শরীর দেখি। নির্ঘুম আমি সারারাত ধরে তার ক্ষত শুশ্রূষার ব্যর্থ চেষ্টা করে করে অমল ভোরের মদ গিলে খাই শেষমেশ। শব্দ আমাকে মাতাল করে।
আমি কাউকে কিছুই শোনাতে আসিনি, আমার শব্দেরা একা এবং অবিচল। আমার শব্দেরা স্বাধীন এবং দ্বিধাহীন। আপনি আমাকে কবি মানেন কি না মানেন, কী এসে যায় আমার। আমি যে জীবন যাপন করে গেছি, সে জীবন কবিতার। আমার প্রেমে যে অপ্রাপ্তির তিলক, সে প্রেম কবিতার। আমার হৃদয়ে যে রক্তাক্ত ক্ষরণ, সে রক্ত কবিতার।

আমার শব্দেরা আপনার অক্ষমতার দায় কেন নেবে?


০৫.০৩.২০২০

দায়


কথা হচ্ছিল দায় নিয়ে, যখন বদ্ধতা
আমাদের ছিবড়ে খাচ্ছিল। আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী
ছাত্র ছিল যে, তাঁকে আমরা ‘বদ্ধ উন্মাদ’ বলে ডাকতাম।
এই বদ্ধতা কতটা বদ্ধ আমাদের ঠিক জানা ছিল না
যদিও উন্মাদের মানে আমরা জানতাম।
            
আজকে বদ্ধতার অর্থও আমরা জানি, যেমন অনেকেই
মুক্তির অর্থ জানে। সব অর্থের আবার একরকম অর্থও
হয় না। যেমন মিশেল ফুকো, আপনি অর্থ হয়না জেনেও
কী অবলীলায় বললেন ‘উন্মাদনা হলো কার্যের অনুপস্থিতি’

লেখকের দায় নিয়ে আমাদের আলাপ চারিত হল
কিন্তু বাঁধা গেল না। শেষমেশ কার্যের উপস্থিতি কামনা করে
আমাদের উন্মাদনা রহিত হল কিনা, তাও ঠিক বোঝা গেল না

০১.০৪.২০২০

Monday, March 16, 2020

স্বপ্নদ্বার


কাল জেনেছি আমাকে পৌঁছাতেই হবে
তোমার ঠোঁটের কোণে নাচছিল তিড়িং বিড়িং ফড়িং
সেই ফড়িং আমার শরীর ছুঁয়ে গেছে। আমি বুঝেছি
আমাকে পৌঁছাতেই হবে

পরাজিত ডানায় ছিল স্বেচ্ছামৃত্যুর ক্লেদ
তোমাকে ছেড়ে আসা পতঙ্গস্পর্শ আমাকে বলেছে
তুমি আমার সঙ্গে নরকে যেতে রাজি আছ-

আমি স্বপ্নদ্বার খুলে দিয়েছি আবার

আমার ছায়ারা মেঘ হয়ে ভাসছিল ভুল গলিতে
সারা রাত ঝাপসা আলোয় আমি খুঁজি নাই
মানুষের মুখ। পতঙ্গ চোখ আমি ফিরে ফিরে দেখি

গন্তব্যের সব আয়োজন আমি সেরে নিচ্ছি দ্রুতই

১২.০৩.২০২০

অহম


বিশ্বাসে বিশ্বাসে ওড়ে অহমের চাদর। তিনি আমাকে আর চিঠি লিখবেন না বলে ঠিক করেছেন। যে চিঠিটি আমার লিখবার কথা ছিল না, সেটিও পোস্ট বক্স হয়ে ফিরে আসে। ফিরে আসা, ফিরে যাওয়া কিংবা দেয়া, এইসব নিতান্ত সাধারণ ঘটনা। পশ্চিমের মেঘে লালিমা মানে তুমি ঋতুচক্র আসন্ন বোঝালে ঈশ্বর ঢের খুশি হন। মেঘ মানেই আমার কাছে দুঃখময় কিছু, লালিমা হলে আরো।
                                                   
'নক্ষত্রের ঢের নিচে' যারা বাস করে তারা আহাম্মক।

২৩.০২.২০২০

বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি


বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমি দূরে সরে যাচ্ছি
লঞ্চ ছেড়ে গেছে, আমি উঠিনাই
একা দাঁড়িয়ে আছি জেটিতে।

কখনো জয়ী হইনাই, তাই ব্যর্থতা নিতে পারি না
আমি যেচে পরাজয় মেনে নেই

তোমাদের কারো কাছে জেটিতে ওঠার পয়সা চায়নি
আমাকে আটকে দিয়েছিল, তোমাকে আগেই বলেছিলাম
‘দেখো…এমনটা হবে’। হলোও…
আমি পয়সা আগেই রেডি রেখেছিলাম

তোমরা সবাই চলে গেছ
আমি একা দাঁড়িয়ে আছি, জেটিতে। লঞ্চ যাচ্ছে