অন্ধকার ডানা মেলে দিলে ঘুমের ঘোরে তুমি কি
ছোঁও
মনে আছে?
আমাদের মাঠে কোনোদিন অন্ধকার নামতো না
চাঁদ না থাকলে আমাদের সঙ্গ দিত কোনো কোনো
মুখশ্রী
সেইসব মুখ আর মুখশ্রী আর প্রেয়সি মাঠ
ছিল আমাদের শৈশবের ভোর, সন্নিবদ্ধ রোদের দুপুর
রাত্রি জুড়ে লেপ্টে থাকা হতবিহবল ঘোর
মনে আছে?
বিষাদগুলো আমাদের পায়ের পাতায় লেগে থাকা
কুয়াশা হয়ে
গল্প লিখতো কচি ঘাসে, যদিও আমাদের কবিতাগুলো ছিল প্রেমের
আমরা আবৃত্তি করতাম বিদ্রোহের কবিতা
যথারীতি আবৃত্তি/আবৃতি বানান নিয়ে তুমি ছিলে নিঃসংশয়
আমার সংশয়ের শুরু সেখানেই
মনে আছে?
মাঠের কোনায় হাসনাহেনার ঝাড়, একটা চাপকল, ঘরবাড়ি
এই চাপকলই ছিল আমাদের তৃষ্ণা মেটানোর আধার
একদিন হাসনাহেনার ঝাড় উঠে গেলে, আমরা
ছড়াতে থাকলাম বিভিন্ন দিকে, সমুদয় তৃষ্ণা জমিয়ে রেখে
একদিন উঠে গেলো চাপকলও
উড্ডয়ন স্পৃহা বুকে নিয়ে ভালবাসার যে বীজ
পুতেছিলাম আমরা
হাইস্কুলের মাঠে, তার সাথে লাইলনের মোটা দড়ি দিয়ে বাঁধা ছিল চাঁদ
এখন ইদগা’র ধারালো
গ্রিল’এ ছিঁড়ে টিরে গেছে সেইসব দড়ি
No comments:
Post a Comment