Wednesday, March 28, 2018

আমি এই পুরুষজন্ম অস্বীকার করছি

রুপা, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়
যদিও ধর্ষণ কিংবা এই সংক্রান্ত অপরাধ গুলো বেশ সয়েই যাচ্ছিল
তবু, তোমার মৃত্যু আমাকে নতুন করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল

রূপা, তোমার মটকানো ঘাড়, থেঁৎলে যাওয়া মাথা সাক্ষী রেখে
এই পুরুষজন্ম অস্বীকার করছি, আমি দুরূ দুরু বক্ষে নারী কে নিয়ে লেখা
সকল কবিতা কে অস্বীকার করছি
নদীর বয়ে যাওয়া কুলকুল ধ্বনিকে অস্বীকার করছি
জ্যোৎস্না রাতে ঝিরিঝিরি বাতাসকে অস্বীকার করছি
তোমার কিশোরী হাত ছুঁয়ে দেয়ার জন্য
কিশোর হাতের দ্বিধা থরথর কম্পনকে অস্বীকার করছি

এই স্বীকারোক্তি কোনো দায়মুক্তি নয়
বরং আমি শাস্তি দাবী করছি
ভালবাসাহীন যে হাত ছুঁতে চাইবে নারীকে
মূহুর্তে সেই হাত ন্যাতানো পুরুষাঙ্গ হয়ে উঠুক
ভালবাসাহীন যে পুরুষ কামনা করবে নারীকে
তার মগজে থকথক করুক লিকলিকে ঘুণ পোকারা

যদিও জানি, শাস্তিদাতা, আপনিও স্বয়ং পুরুষ
রায় ঘোষণার পূর্বে অনুপুঙ্খ বর্ণনা শুনতে শুনতে
আপনার বিচার দন্ডটিও খানিকটা নড়েচড়ে উঠে বৈকি

০১.১০.২০১৭ 


No comments:

Post a Comment